প্রতিবাদী। ইন্ডাস্ট্রির অন্দরে জাহ্নবী কাপুরকে এই পরিচয়ই চেনেন অনেকে। বলি পাড়ার অধিকাংশ তারকা সাধারণত যে কোনও বিষয়ে মুখ খোলেন না। সেই জায়গায় শ্রীদেবী কন্যা আলাদা। তিনি হামেশাই নিজের মতামত জানান সমাজমাধ্যমে। ভুল দেখলে ক্ষোভ উগড়ে দেন। ফের একই সুর অভিনেত্রীর গলায়। সদ্য মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালের এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই মহিলার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গর্জে উঠেছেন জাহ্নবী। তিনি লিখেছেন, ‘এই লোকটির জেলে থাকা উচিত। এমন আচরণ কাম্য নয়। একজন মহিলার উপরে কীভাবে হাত তুলতে পারে কেউ! তারপরও কোনও অনুশোচনা নেই।’ অভিনেত্রীর এই মতামত সমর্থন করেছেন অনুরাগীদের বড় অংশ।



