Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের মোসাদের চর সন্দেহে ইরানে তিনজনকে ফাঁসি

ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতির পরও উত্তেজনা পুরোদমে থামেনি। ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে চরবৃত্তির অভিযোগে একের পর এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে চলেছে ইরান।

ফের মোসাদের চর সন্দেহে ইরানে তিনজনকে ফাঁসি
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতির পরও উত্তেজনা পুরোদমে থামেনি। ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে চরবৃত্তির অভিযোগে একের পর এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে চলেছে ইরান। এবার একসঙ্গে তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু গুপ্তচর বৃত্তি নয়, একটি হত্যাকাণ্ডে তাঁদের মধ্যে একজন অস্ত্র সরবরাহ করেছিলেন বলেও অভিযোগ। বুধবার ভোরে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের রাজধানী শহর উর্মিয়ার একটি জেলে তাঁদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সরকারি সংবাদমাধ্যম ইরনা। ইতিমধ্যে ইজরায়েলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান সরকার। 

Advertisement

এদিন যাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাঁরা হলেন, ইদ্রিস আলি, আজাদ সোজাই এবং রসুল আহমেদ। সেদেশের বিচার বিভাগ জানিয়েছে, ইহুদি শাসকদের সহযোগিতা এবং গুপ্তহত্যার জন্য অস্ত্রমজুত করায় তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবারও একই অভিযোগে মহম্মদ আমিন মাহধাবি শায়েস্তা নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরান প্রশাসন।  গত ১৩ জুন ইরান-ইজরায়েল যুদ্ধ শুরুর পর পাল্টে যায় পরিস্থিতি। ইজরায়েলের বিমান হানায় ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানী এবং সেনাকর্তা নিহত হন। তাঁদের হত্যার পিছনে গুপ্তচরদের হাত রয়েছে বলে মনে করছে ইরান সরকার। দু’দেশের এই সংঘাতের আবহে গুপ্তচরদের ধড়পাকড় ও তাঁদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়। এদিকে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

সম্পর্কিত সংবাদ