Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নভেম্বর থেকে প্রতিটি জেলায় সমাবেশ আইএনটিটিইউসি’র, জোরকদমে প্রস্তুতি

দুর্গাপুজোর পর্ব মিটলেই জেলায় জেলায় শ্রমিক সমাবেশ করবে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসজুড়ে রাজ্যের প্রতিটি জেলায় শ্রমিক সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার আইএনটিটিইউসির রাজ্য কোর কমিটির বৈঠক হয়।

নভেম্বর থেকে প্রতিটি জেলায় সমাবেশ আইএনটিটিইউসি’র, জোরকদমে প্রস্তুতি
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর পর্ব মিটলেই জেলায় জেলায় শ্রমিক সমাবেশ করবে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসজুড়ে রাজ্যের প্রতিটি জেলায় শ্রমিক সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার আইএনটিটিইউসির রাজ্য কোর কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এই প্রস্তুতি নিয়ে। জেলাভিত্তিক একটি ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে, তাতে উল্লেখ থাকবে কোন জেলায় কবে শ্রমিক সমাবেশ হবে। এখন তৃণমূলের সাংগঠনিক জেলা ৩৫টি। প্রত্যেকটি জেলায় সমাবেশ হবে। এছাড়া, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের জন্য পৃথক সভার আয়োজনও করা হচ্ছে। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে নির্মাণ, তাঁত, হকার, মৎস্য, বিড়ি ও সিকিউরিটি সার্ভিসের শ্রমিকদের ইউনিয়ন রয়েছে। প্রত্যেকটি জায়গায় সদস্যদের নিয়ে সভার আয়োজন করা হবে। নভেম্বর মাসের ২৯ ও ৩০ তারিখ ধর্মতলায় সমাবেশ করবে আইএনটিটিইউসি। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় শ্রমিকের অঙ্গীকার, ছাব্বিশে দিদির সরকার। এই স্লোগানকে সামনে রেখে আমরা রাজ্যব্যাপী কর্মসূচি শুরু করতে চলেছি। আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই প্রকাশ্যে মাইক বাজানো যাবে না। তাই আমরা শ্রমিক সমাবেশ এবং সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের সভা নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছি।’ উল্লেখ্য, এসব সমাবেশ থেকে আইএনটিটিইউসি পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারের প্রতিবাদে সোচ্চার হবে। বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্তা করা হয়েছে, তা নিয়ে সরব হবে তারা। এছাড়া, শ্রমিকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী কর্মসূচিগুলির কথা তুলে ধরা হবে। সেই সূত্র ধরেই ছাব্বিশের নির্বাচনে মমতার সরকারের পাশে থাকার শপথ নেবেন বাংলার শ্রমিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ