নয়াদিল্লি: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস সাংসদ শশী থারুর। সংবাদমাধ্যমে লেখা প্রতিবেদনে মোদিকে ‘ভারতের প্রধান সম্পদ’ হিসেবে অভিহিত করেছেন তিনি। পহেলগাঁওয়ে হামলা পরবর্তী ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এই ঘটনা ঘিরে দু’দেশের সংঘাত চরমে ওঠে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান তুলে ধরতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল মোদি সরকার। উত্তর ও লাতিন আমেরিকায় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শশী। এরপর দেশে ফিরে মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের সঙ্গে থারুরের দূরত্ব বাড়ার খবর সামনে এসেছে। তিরুবনন্তপুরমের সাংসদ নিজেও দলের সঙ্গে মতবিরোধের কথা স্বীকার করেছেন। এরই পরিপ্রেক্ষিতে থারুরের ফের মোদি-বন্দনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



