সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই কড়া। সদ্য তাঁর বাড়িতে দুই ব্যক্তির অনুপ্রবেশের চেষ্টার পর আরও কড়া নিরাপত্তার চাদরে মুড়ল অভিনেতার বাংলো। গত বুধ ও বৃহস্পতিবার, পরপর দু’দিন তাঁর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করে দু’জন। একজন ছত্তিশগড়ের এক যুবক। অপরজন মহারাষ্ট্রের খারের এক মডেল। দু’জনেই নিজেদের সলমন অনুরাগী বলে পরিচয় দিয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্টের ভিতরে ঢোকার চেষ্টা করে। যদিও পুলিসি নজর এড়িয়ে তা সম্ভব হয়নি। দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিস। চলছে জিজ্ঞাসাবাদ। এই আবহে সলমনের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ল। জানা গিয়েছে, এবার থেকে পরিচয়পত্র ছাড়া আর সলমনের বাড়িতে কেউ ঢুকতে পারবেন না। এমনকী, বলিউড তারকা সহ বিশিষ্টদেরও দেখাতে হবে পরিচয়পত্র। পাশাপাশি পূর্ব নির্ধারিত সূচি মেনে সলমনের সঙ্গে দেখা করতে বহু মানুষ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছন। এই সাক্ষাৎপ্রার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবছে মুম্বই পুলিস। পরিকল্পনা করা হচ্ছে, একদিনে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিই ওই বাড়িতে ঢোকার অনুমতি পাবেন।



