Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২২৮০ ইয়াবা ট্যাবলেট সহ চ্যাংরাবান্ধার ধৃত ক্যারিয়ার

২২৮০ ইয়াবা ট্যাবলেট সহ চ্যাংরাবান্ধার ধৃত ক্যারিয়ার
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা সীমান্তে ফের মাদক সহ ধরা পড়ল এক ব্যক্তি। নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়া ওই ব্যক্তি এর আগেও পুলিসের হাতে ধরা পড়েছিল। 
Advertisement
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মেখলিগঞ্জ থানার পুলিস চ্যাংরাবান্ধা বাজার এলাকার বিক্রম কুন্ডুলিয়ার বাড়িতে হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 
অভিযোগ, চ্যাংরাবান্ধার দক্ষিণপাড়া, নিষিদ্ধপল্লি এলাকা ও ট্রাক টার্মিনাস চত্বরে মাদকের কারবার চলে। এক শ্রেণির মাদক ক্যারিয়ার ওসব এলাকায় মাদক পৌঁছে দেয়। কারা এই কারবারে জড়িতে সেটাও খতিয়ে দেখছে পুলিস। স্থানীয়রা জানিয়েছেন, মাদক কারবার বন্ধে পুলিসের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। 
প্রসঙ্গত, চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের পূর্বদিকের সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। অভিযোগ, সেখানে আনাগোনা থাকে বাংলাদেশি দুষ্কৃতীদের। চ্যাংরাবান্ধা বাজার এলাকা থেকেই বিক্রম কুন্ডুলিয়াকে গ্রেপ্তার করে পুলিস। বিক্রম এর আগেও মাদক সহ ধরা পড়েছিল। বেশকিছু দিন জেলে থাকার পর জামিন পায়। ফের মাদক পাচারে জড়িয়ে পড়ে। 
সীমান্ত এলাকা চ্যাংরাবান্ধায় বারবার চোরাচালান ও মাদক পাচারের অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে পুলিস। জেলাজুড়ে বেআইনি কাজে লাগাম টানতে টানা অভিযান চালানো হচ্ছে, জানিয়েছেন পুলিস কর্তারা। এ ব্যাপারে মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই বলেন, চ্যাংরাবান্ধা বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি থেকে ২২৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা। কোথা থেকে নিষিদ্ধ মাদক সে সংগ্রহ করেছিল খোঁজ চলছে। কাদের কাছে ওসব পৌঁছে দিত তা জানার চেষ্টা চলছে। এরসঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের কোনও যোগ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ