ওয়াশিংটন: মাদক পাচারের অভিযোগ। তাই নিকোলাস মাদুরোকে একেবারে বেডরুম থেকে সস্ত্রীক তুলে নিয়ে গিয়েছে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্টের ঠাঁই হয়েছে নিউ ইয়র্কের জেলে। তাহলে কি মাদুরোর দশা অপেক্ষা করছে ভ্লাদিমির পুতিনের জন্যও? জল্পনাটা উসকে দিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ, রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত। তাই মাদুরো বন্দি হওয়ার পরপরই জেলেনস্কির ইঙ্গিতবাহী একটি মন্তব্য সামনে আসে। শুরু হয় তীব্র জল্পনা। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কোনও স্বৈরাচারীর পরিণতি যদি এটাই হয়, তাহলে আমেরিকা জানে পরের পদক্ষেপ কী হওয়া উচিত। জেলেনস্কির ইঙ্গিত যে পুতিনের দিকেই, তা বুঝতে কারও বাকি ছিল না। জেলেনস্কির কথার রেশ ধরেই শুক্রবার এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ফক্স নিউজের এক সাংবাদিক। তাঁর প্রশ্ন ছিল, পুতিনকেও কি মাদুরোর মতো ভবিষ্যতে বন্দি করার কথা বিবেচনা করতে পারে আমেরিকা? জবাবে ট্রাম্প বলেন, এটা সত্যি যে তিনি খুবই হতাশ। তবে, আমার মনে হয় না পুতিনকে বন্দি করার জন্য অভিযানের নির্দেশ দেওয়ার প্রয়োজন হবে।



