Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরবঙ্গের শতাধিক ট্রেন বাতিল, তীব্র ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

সারা বছরের পর পুজোর ক’টা দিন ছুটি মেলে। তাই এই সময় বাঙালি ছোটে পাহাড়, সমুদ্র কিংবা দেশের বাড়ি। তার আগেও যাতায়াত বাড়ে আম বাঙালির।

উত্তরবঙ্গের শতাধিক ট্রেন বাতিল, তীব্র ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সারা বছরের পর পুজোর ক’টা দিন ছুটি মেলে। তাই এই সময় বাঙালি ছোটে পাহাড়, সমুদ্র কিংবা দেশের বাড়ি। তার আগেও যাতায়াত বাড়ে আম বাঙালির। কিন্তু আগামী কয়েক দিন উত্তরবঙ্গগামী বহু ট্রেন বাতিল ও সময় সূচি বদল হওয়ায় ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মালদহ টাউন স্টেশনে প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। তার জেরেই শনিবার থেকে ১১৪টি ট্রেন বাতিল করা হয়েছে। তবে দুর্ভোগ শুধু পাহাড়ে নয়। নানা কাজের জন্য দক্ষিণ-পূর্ব রেলের বিলাসপুর ডিভিশনেও একগুচ্ছ ট্রেন বাতিল হবে।

Advertisement

৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন যেমন বাতিল হয়েছে তেমন বহু ট্রেন ঘুর পথে চালানো হবে। কিছু ট্রেন মাঝপথেই দাঁড়িয়ে যাবে। আবার কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। তার ফলে যাঁরা পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন, তাঁরা বিপদে পড়তে পারেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৬ দিনে এক্সপ্রেস ও প্যাসেঞ্জার সহ আপ-ডাউন মিলিয়ে মোট ১১৪টি ট্রেন বাতিল হয়েছে। পূর্ব রেলের মালদহ ডিভিশনের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গিয়েছে, ঢেলে সাজা হচ্ছে ইন্টারলকিং ব্যবস্থা। উন্নততর সিগন্যালিং এবং লাইনের সংযোগের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। ইন্টারলকিংয়ের আগে কিছু প্রস্তুতি থাকে। বাতিল হয়ে যাওয়া ট্রেনের তালিকায় শতাব্দী, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, হাটেবাজারের মতো ট্রেন রয়েছে। হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি রামপুরহাট পর্যন্ত যাবে। এদিকে, পুরী-কামাখ্যা, শিয়ালদহ-সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ আরও ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
অন্যদিকে, বিলাসপুর ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল। জানা গিয়েছে, ২৪টি ট্রেন বাতিলের পাশাপাশি বেশকিছু ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশকিছু ট্রেনের রুট সীমিত করেছে রেল। এর প্রভাব পড়বে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন এলাকায় যাত্রীদের। রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিভিন্ন দিনে ২৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে টাটানগর-বিলাসপুর, সাঁতরাগাছি-পুনে, উদয়পুর সিটি-শালিমার, মালদা টাউন-সুরাত সহ একাধিক ট্রেন রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, বেশিরভাগ ট্রেন বাতিল থাকছে ২৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। দুটি ট্রেনের রুট সীমিত করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ