ঢাকা: রাত পেরোলেই সাধারণ নির্বাচন বাংলাদেশে। এই নির্বাচনী আবহেও সংখ্যালঘু নিগ্রহ থেমে নেই পূবের এই প্রতিবেশী দেশে। সোমবার রাতে ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ব্যবসায়ী সুশেনচন্দ্র সরকার। সেই সঙ্গে দোকান থেকে ১৫ লক্ষ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত এই নিয়ে কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মহম্মদ ফিরোজ হোসেন। তবে পুলিশ নিজে থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীরা দ্রুত ধরা পড়বে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ত্রিশাল উপ জেলার সাউদাকান্দা গ্রামের বাসিন্দা ৬২ বছরের সুশেনের বগার বাজারের চৌরাস্তা এলাকায় চালের ব্যবসা। স্থানীয়রা জানাচ্ছেন, তাঁর ‘মেসার্স ভাইভাই এন্টারপ্রাইজ’ নামের দোকানটির ব্যবসা ছিল ভালোই। পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ তাঁর দোকানে চড়াও হয় দুষ্কৃতীদের একটি দল। দোকানের ভিতরেই সুশেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়। এরপর দোকানের শাটার নামিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দীর্ঘক্ষণ দোকানেই পড়েছিল সুশেনের দেহ। পরে পুলিশ গিয়ে তাঁর দেহ উদ্ধার করে।
গত কয়েকমাসে বাংলাদেশে হামলার শিকার হিন্দুরা। ১৮ ডিসেম্বর ভালুকায় খুন হন কারখানার কর্মী দীপুচন্দ্র দাস। ধর্মীয় অবমাননার অভিযোগে তাঁকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। এর কয়েকদিন পরে রাজবাড়ি জেলায় পিটিয়ে মারা হয় অমৃত মণ্ডলকে। আর এবার খুন হলেন এক ব্যবসায়ী।