নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ এক নির্দেশে সুপার নিউমেরারি পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, নিয়মিত নিয়োগের মতো সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না। বিশেষ পরিস্থিতি থাকলে তবেই ওই পদ তৈরি করা হয়। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় ২০১৬ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এরপর ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য। ২০২২ সালের ১৯ মে বিজ্ঞপ্তি দিয়ে কর্মশিক্ষায় ৭৫০ এবং শারীরশিক্ষায় ৮৫০টি অর্থাৎ মোট ১৬০০টি সুপার নিউমেরারি পদ তৈরির বিষয়টি জানানো হয়। এদিন ওই দুই বিজ্ঞপ্তিই খারিজ করে দিয়েছেন বিচারপতি বসু। উচ্চ প্রাথমিকের এই মামলার বাকি বিষয়ের শুনানি হবে আগামী জানুয়ারি মাসে।



