Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের রোষে সরকারি কৌঁসুলি! ভর্ৎসনা বিচারপতির

বিচারককে হেনস্তা মামলায় হাইকোর্টের রোষে বসিরহাট আদালতের সরকারি কৌঁসুলি সহ ২১ জন আইনজীবী।

হাইকোর্টের রোষে সরকারি কৌঁসুলি! ভর্ৎসনা বিচারপতির
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারককে হেনস্তা মামলায় হাইকোর্টের রোষে বসিরহাট আদালতের সরকারি কৌঁসুলি সহ ২১ জন আইনজীবী। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল ইস্যু করে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। 

Advertisement

বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ জানতে চায়, আদালতের নির্দেশ থাকলেও কেন সরকারি আইনজীবী একটি পকসো মামলায় নিম্ন আদালতে সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি? তার জেরে পকসো মামলায় নির্যাতিত শিশু উপযুক্ত বিচারপ্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছে। আইনজীবীদের বিরুদ্ধে কোন পদ্ধতিতে আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়ে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে হাইকোর্টই।  
সোমবার বসিরহাট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরকে তলব করেছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো হাজিরা দেন তিনি। অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি আইনজীবী (অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর) ওই পকসো মামলায় নিম্ন আদালতে সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি। ফলে পকসো মামলায় জামিন হয়ে গিয়েছে অভিযুক্তের। এ কথা জেনেই ক্ষুব্ধ হন বিচারপতি। বিচারপতি এদিন প্রশ্ন করেন, সংবিধানের ধারা কি শুধু দোষীদের রক্ষাকবচ দিতে? নির্যাতিতার কী হবে তাহলে?’ গৌতম বন্দ্যোপাধ্যায় নামে ওই সরকারি আইনজীবীর আচরণে ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘শেরিফ কে কি ডেকে পাঠাব? গ্রেপ্তার করতে বলব?’  অন্য আরও একটি মামলার উল্লেখ করে বিচারপতি বলেন, সেখানেও একইভাবে আইনজীবীর অনুপস্থিতির সুযোগে ছাড় পেয়ে যায় অভিযুক্ত। 
বিচারপতি বসাক বলেন, ‘ওঁকে এপিপি হিসেবে রাখা যাবে না। এভাবে চলতে দেওয়া যায় না। বসিরহাট আদালত চত্বরে প্রায় কয়েক একর জমি আছে। সেখানে আলাদা আদালত করার কথা ভাবা হচ্ছে। ওদিকে এমন এপিপি কোর্টে ঘুরে বেড়াচ্ছেন।’
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি হেনস্তার অভিযোগে অতিরিক্ত জেলা বিচারক চিঠি লেখেন জেলা বিচারকের কাছে। সেই চিঠি জেলা বিচারক কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠান। তারপরই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তৈরি করে মামলাটি শুনানি করার নির্দেশ দিয়েছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ