আমেদাবাদ: আইপিএলের প্লে-অফে নিশ্চিত গুজরাত টাইটান্স। অন্যদিকে, বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। এমন পরিস্থিতিতে রবিবার গিল বনাম ধোনি ডুয়েল আপাত দৃষ্টিতে স্রেফ নিয়মরক্ষার মনে হতেই পারে। কিন্তু বাস্তবে ম্যাচ জমানোর প্রচুর মশলা রয়েছে মোতেরার ২২ গজে। চেন্নাইকে বশ মানালে প্লে-অফে দ্বিতীয় স্থান পাকা করে ফেলবে গুজরাত। অতএব টেবিলের সর্বনিম্ন স্থানে থাকা ইয়েলো ব্রিগেডকে দুরমুশ করতে মরিয়া তারা। পাশাপাশি বড় পরীক্ষা গুজরাতের মিডল অর্ডারের। আসলে এই ম্যাচের পরেই দেশে ফেরার ফ্লাইট ধরবেন জস বাটলার। ইংল্যান্ড দলে যোগ দেবেন। প্লে-অফে বাটলারের না থাকা বড় ধাক্কা। নিজের দিনে যে কোনও বোলিং আক্রমণকে খুন করতে পারেন বাটলার। রকমারি স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে সিদ্ধহস্ত। তাঁর অভাব ঢাকা বাকিদের কাছে চ্যালেঞ্জ। বিশেষ করে শাহরুখ খান ও রাদারফোর্ডের পারফরম্যান্সের দিকে নজর থাকবে।
বোলিং নিয়েও চিন্তা থাকছে গুজরাতের। তুরুপের তাস রশিদ খান ছন্দহীন। আফগান স্পিনারের রহস্য সহজেই পড়ে ফেলতে পারছেন বিপক্ষ ব্যাটাররা। পেসার রাবাডা, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার ধারাবাহিকতার অভাব। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে ফের দেশে ফিরবেন রাবাডা। ফলে দলের কম্বিনেশন অনেকটাই বদলাতে হবে গিলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনিই জাতীয় দলের অধিনায়ক। তার আগে ক্যাপ্টেন গিলের দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা। পাশাপাশি, চলতি কোটিপতি লিগে হতাশ করেছে চেন্নাই সুপার কিংস। অনুমান করাই যায়, শেষ ম্যাচে জুনিয়রদের সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়েও একরাশ প্রশ্ন। তিনি কি আগামী মরশুমেও চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামবেন? অন্যথায় ঐতিহাসিক বিদায়ের সাক্ষী থাকতে পারে মোতেরা। নিজেকে বরাবরই লুকিয়ে রাখতে ভালোবাসেন ক্যাপ্টেন কুল। রবিবারের ম্যাচে নিঃসন্দেহে প্রতি মুহূর্তে মাহির মন বুঝতে চেষ্টা করবেন ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচ শুরু বিকেল ৩-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।