Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জ্বালানির সংকট, ব্রিটেনজুড়ে খরচ বেড়েছে অন্ত্যেষ্টির

ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের প্রভাব এবার অন্ত্যেষ্টিক্রিয়াতেও। জ্বালানির সংকটের জেরে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ব্রিটেন জুড়ে বেড়েছে  অন্তিম সংস্কারের খরচ।

জ্বালানির সংকট, ব্রিটেনজুড়ে খরচ বেড়েছে অন্ত্যেষ্টির
  • ৯ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের প্রভাব এবার অন্ত্যেষ্টিক্রিয়াতেও। জ্বালানির সংকটের জেরে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ব্রিটেন জুড়ে বেড়েছে  অন্তিম সংস্কারের খরচ। সাধারণভাবে ব্রিটেনে গ্যাসের সাহায্যে শবদেহ দাহ করা হয়। এক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস ও এলপিজি দুইয়েরই ব্যবহার প্রচলিত রয়েছে। তুলনায় বিদ্যুতের ব্যবহার সীমিত। ফলে জ্বালানি বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে শেষকৃত্যেও।

Advertisement

পিউর ক্রিমেশন নামের একটি সংস্থার রিপোর্ট বলছে, প্রতিটি অন্ত্যেষ্টিক্রিয়ায় গড় খরচ হয় ৪ হাজার ৪২৩ পাউন্ড। যা গত জানুয়ারি থেকে প্রায় ৬১ পাউন্ড বেড়েছে। অঞ্চলভেদে খরচের পরিমাণে তারতম্য রয়েছে। তথ্য বলছে, শেষ তিন মাসে লন্ডনে অন্তিম সংস্কারের খরচ বেড়েছে ১১৬ পাউন্ড। যা শতাংশের হিসেবে ২ শতাংশের সামান্য নীচে। অন্যদিকে স্কটল্যান্ডে এই খরচ বৃদ্ধির হার ২ শতাংশেরও উপরে। এদিকে ব্রিটেনের বেশিরভাগ শ্মশানেই দাহের জন্য বৈদ্যুতিন চুল্লি নেই। ফলে স্বাভাবিকভাবেই ব্রিটেনে বসবাসরত হিন্দু পরিবারগুলির উপরে বেড়েছে আর্থিক বোঝা। অন্যদিকে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে শবদাহের প্রক্রিয়াতেও। তুলনামূলক কম খরচের আনুষ্ঠানিকতাহীন শবদাহের দিকে মানুষের আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে বিমা সংস্থা সান লাইফ। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে লন্ডনের ২০ শতাংশের বেশি শেষকৃত্যেই আনুষ্ঠানিকতা বর্জন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ