সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ ব্লকের সুন্দরপুর পঞ্চায়েত ও বাগদা ব্লকের আষাঢ়ু পঞ্চায়েতের সংযোগকারী একটি সেতুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। ২০০০ সালে কোদালিয়া নদীর উপর নিজেরাই বাঁশের সেতু তৈরি করেছিলেন তাঁরা। এরপর থেকেই কংক্রিটের একটি সেতুর দাবি জানাচ্ছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা। অবশেষে তাঁদের দাবি পূরণ হতে চলেছে। রবিবার কংক্রিটের সেতুর শিলান্যাস করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তাঁর তহবিলের অর্থে তৈরি হবে ৫০ মিটার লম্বা সেতুটি। মোট ৪০ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে তৈরি হবে তিন মিটার চওড়া এই সেতু। সেতুর শিলান্যাস হওয়ায় খুশি বাগানগ্রামের বাসিন্দা অশোক বিশ্বাস বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছি এখানে কংক্রিটের সেতু তৈরির জন্য। বিষয়টি নিয়ে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, মানুষের দাবি মেনে সেতুর কাজ শুরু হল।



