Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্লাইওভারের কাজ শুরু হচ্ছে তারকেশ্বরে, বরাদ্দ ৩৩ কোটি

বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে তারকেশ্বরে রেললাইনের উপর ৩৩ কোটি টাকায় তৈরি হচ্ছে ফ্লাইওভার। দ্রুত শুরু হবে এই কাজ। ফলে দীর্ঘক্ষণ রেলগেটে আটকে থাকার যন্ত্রণা থেকে শহরবাসী রেহাই পেতে চলেছে বছরখানিকের মধ্যে।

ফ্লাইওভারের কাজ শুরু হচ্ছে তারকেশ্বরে, বরাদ্দ ৩৩ কোটি
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে তারকেশ্বরে রেললাইনের উপর ৩৩ কোটি টাকায় তৈরি হচ্ছে ফ্লাইওভার। দ্রুত শুরু হবে এই কাজ। ফলে দীর্ঘক্ষণ রেলগেটে আটকে থাকার যন্ত্রণা থেকে শহরবাসী রেহাই পেতে চলেছে বছরখানিকের মধ্যে।

Advertisement

১২ নম্বর রাস্তার পাশে তারকেশ্বর মন্দিরের প্রবেশদ্বার থেকে কিছুটা এগিয়ে থানা মার্কেটিংয়ের সামনে থেকে শুরু হবে ফ্লাইওভার। শেষ হবে জয়কৃষ্ণ বাজার রামনগর যাওয়ার রাস্তার আগে। রেল সূত্রে জানা গিয়েছে, ২৩ নম্বর রেলগেটের উপর ফ্লাইওভারটির দৈর্ঘ্য হবে ২৭৫০ ফুট। রাস্তার প্রস্থ ৩৫ ফুট। দু’দিকে মোট ১৪ ফুট ড্রেন সহ ফুটপাত। ফ্লাইওভারের নীচ দিয়ে দু’দিকে থাকছে ২৫ ফুট চওড়া রাস্তা। দু’দিকে ১৪টি করে মোট ২৮টি পিলার থাকছে। খরচ ধরা হয়েছে প্রায় ৩৩ কোটি টাকা।
তিনটি রেলগেট একসঙ্গে পড়ে স্তব্ধ হয়ে যায় শহর। এটা তারকেশ্বরের দীর্ঘদিনের সমস্যা। তারকেশ্বর পুরসভা এলাকায় ২৩, ২৪ ও ২৫ নম্বর রেলগেট একইসঙ্গে বন্ধ হয়ে গিয়ে প্রায় ৩০-৪০ মিনিট আটকে পড়ে সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স, সরকারি জরুরি পরিষেবার গাড়ি সহ এলাকাবাসীরা রেলগেট আতঙ্কে দিন কাটান। এই রেলগেটের কারণে ছাত্রছাত্রীরাও ঠিক সময়ে পরীক্ষাস্থলে পৌঁছতে পারে না। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়। ২৮ ডিসেম্বর ২০১৮ সালে এমনই এক ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তারকেশ্বর থানার অন্তর্গত সন্তোষপুর পঞ্চায়েতের বিষ্ণুবাটি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বটকৃষ্ণ  আদক (৫২) মাঠে চাষের কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রেলগেটে আটকে পড়ে গাড়িটি। দীর্ঘক্ষণ পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, রেল গেট যথাসময়ে খোলা পেলে হয়তো বাঁচানো যেত অসুস্থ মানুষটিকে। 
তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প ও এই ফ্লাইওভারগুলির অনুমোদন করেছিলেন। কেন্দ্রে সরকার বদলের পর দীর্ঘদিন অবহেলিত হয়েছিল কাজ। বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে তারকেশ্বরের এই সমস্যা তুলে ধরেছিলাম। সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তুলে ধরা হবে বলে জানানো হয়েছিল। রেলের অংশ বাদ দিয়ে বাকি অংশ রাজ্য সরকারের অর্থে নির্মাণ হচ্ছে। এখানকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে তারকেশ্বরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 
তারকেশ্বরের পুরপ্রধান উত্তম কুণ্ডু জানান, পুরসভার পক্ষ থেকেও এই সমস্যার কথা জানানো হয়েছিল রেলদপ্তরকে। ফ্লাইওভার তৈরির বিষয়ে রেলের আধিকারিকরা পুরসভার সঙ্গে বৈঠক করেছে। আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। ১৮ মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে রেল।

সম্পর্কিত সংবাদ