Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে ৮১৯৩ জলাশয়ে মাছ চাষের উদ্যোগ, বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

রাজ্যজুড়ে একসঙ্গে আট হাজারেরও বেশি জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নিল মৎস্য দপ্তর। তাৎপর্যপূর্ণ ওই চাষের উদ্যোগে নেওয়া হয়েছে রাজ্য সরকারের অন্য একটি প্রকল্পের মাধ্যমে।

রাজ্যে ৮১৯৩ জলাশয়ে মাছ চাষের  উদ্যোগ, বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্যজুড়ে একসঙ্গে আট হাজারেরও বেশি জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নিল মৎস্য দপ্তর। তাৎপর্যপূর্ণ ওই চাষের উদ্যোগে নেওয়া হয়েছে রাজ্য সরকারের অন্য একটি প্রকল্পের মাধ্যমে। একদা রাজ্যের মুখ্যমন্ত্রী ‘জল ধরো জল ভরো’ নামে বৃষ্টির জল ধরে রাখার একটি অভিনব প্রকল্প নিয়েছিলেন। সেই জলাশয়গুলিতেই মৎস্য দপ্তর মাছ চাষ করবে। বিরাট আয়তন ওই চাষের জন্য গোটা রাজ্যের ২০টি জেলা ও একটি মহকুমাকে নির্বাচন করা হয়েছে। প্রকল্পের ব্যয় হিসেবে বরাদ্দ করে দেওয়া হয়েছে সাড়ে চার কোটিরও বেশি টাকা। ইতিমধ্যেই একাধিক জেলায় ওই কাজে তৎপরতাও শুরু হয়ে গিয়েছে।

Advertisement

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নির্দেশিকা জারি করা হয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। রাজ্যের তরফে বরাদ্দ টাকার পাশাপাশি স্থানীয় স্তরে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পকে জুড়ে দেওয়া হবে। তাতে মাছ চাষের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা মিলবে। একদিকে পড়ে থাকা জলাশয়গুলি যেমন উৎপাদনশীল হয়ে উঠবে, তেমনই জেলার নিজস্ব প্রয়োজনে পছন্দের মাছ চাষ করা যাবে, যা আর্থিকভাবে লাভদায়ক হয়ে উঠবে। জেলা মৎস্য দপ্তরের নিজস্ব তদারকিতে প্রকল্পগুলি পরিচালিত হবে। তাতে উৎপাদন ও গুণমানও ভালো হবে। হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, সদ্যই রাজ্য সরকারের কাছ থেকে প্রকল্পের অনুমোদন ও টাকা পাওয়া গিয়েছে। হুগলি জেলার ৩০০টি জলাশয়ে ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মাধ্যমে মাছ চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় বাজারের প্রয়োজনের ভিত্তিতে স্বল্পমেয়াদি চাষের উদ্যোগ আমরা নিয়েছি। চাষের প্রাথমিক কাজ সেরে ফেলা হবে দ্রুত। ওই প্রকল্প নানাভাবে জেলার বাসিন্দা ও মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ হবে। 
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্য প্রশাসনের জারি করা নির্দেশিকা থেকে জানা গিয়েছে, মোট ৪ কোটি ৪৪ লক্ষ ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যজুড়ে ৮ হাজার ১৯৩টি জলাশয়কে প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে। সবচেয়ে বেশি জলাশয়ে চাষের অনুমোদন পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। সেখানে ২২১০টি জলাশয়ে মাছ চাষ করা হবে। আর সবচেয়ে কম ২৫টি জলাশয়ে চাষের অনুমোদন পেয়েছে শিলিগুড়ি মহকুমা। দ্বিতীয় সর্বোচ্চ তথা ২০০০ জলাশয়ে চাষের অনুমোদন পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। কলকাতা শহরতলির জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা সবচেয়ে বেশি, ৬০০টি জলাশয়ে চাষের সুযোগ পাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারে সবচেয়ে বেশি ৫৫০টি জলাশয়ে মাছ চাষ হবে। উত্তরবঙ্গে দ্বিতীয় স্থানে আছে উত্তর দিনাজপুর। সেখানে ১১০টি জলাশয়ে মাছ চাষ হবে। জানুয়ারির মধ্যেই চাষের কাজ শুরু করার নির্দেশও রাজ্য প্রশাসন দিয়েছে।

সম্পর্কিত সংবাদ