Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবার জমজমাট প্রচার দক্ষিণ ২৪ পরগনায়

কর্মিসভা, প্রস্তুতি সভা শেষ করে এখন ভোটের ময়দানে নেমে পড়েছেন ডান-বাম উভয় দলের প্রার্থীরা। কেউ কেউ জনসংযোগের উপরই সীমিত রেখেছেন প্রচার।

নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবার  জমজমাট প্রচার দক্ষিণ ২৪ পরগনায়
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: কর্মিসভা, প্রস্তুতি সভা শেষ করে এখন ভোটের ময়দানে নেমে পড়েছেন ডান-বাম উভয় দলের প্রার্থীরা। কেউ কেউ জনসংযোগের উপরই সীমিত রেখেছেন প্রচার। কেউ আবার করছেন ঘরোয়া সভা। সব মিলিয়ে নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবার গতি পেয়েছে ভোটের প্রচার। সোনারপুর থেকে ডায়মন্ডহারবার, ভাঙড় থেকে বারুইপুর— সর্বত্রই চলল ভোটারদের নিজেদের দিকে টানার প্রয়াস।

Advertisement

এদিন, সকালে সোনারপুর দক্ষিণের সিপিআই প্রার্থী পারমিতা দাশগুপ্ত রাজপুর বাজার এলাকায় প্রচার করেন। অভিনেত্রী নয়, নেত্রী চাই। এই বার্তা নিয়েই প্রচারে ঝড় তুললেন দলের কর্মীরা। তাঁরা বলেন, গত পাঁচ বছরে এই কেন্দ্রে অভিনেত্রী বিধায়ক কিছু করেননি। তাই এবার কাজের জন্য প্রকৃত নেত্রীকে চাই। অন্যদিকে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর বাসস্ট্যান্ডের কাছে আগামী দিনের রণকৌশল ঠিক করতে রুদ্ধদ্বার কর্মিসভা করে প্রচারের প্রস্তুতি সারলেন। এছাড়াও ভাঙড়ে শওকত মোল্লার হয়ে প্রচার করলেন সায়নী। কখনও মিছিলে পা মেলালেন, কখনও আবার দলের অভিজ্ঞ প্রার্থীর হয়ে সভামঞ্চ থেকে গলা ফাটালেন। শওকত নিজে মিছিলের পাশাপাশি একাধিক অঞ্চলে কর্মিসভা করেছেন। বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় এদিনই প্রচার শুরু করলেন। বারুইপুর শহরে মহামিছিলে পা মেলান তিনি। সেখানে মানুষের ভিড় উপচে পড়ে। বিমানবাবুর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল মদারহাট অঞ্চলের কেমিক্যাল মাঠ শীতলা মন্দিরের কাছে প্রচার করেন।
অন্যদিকে, রায়দিঘির তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল বাহিরকাঞ্চলী পঞ্চানন মন্দির, কোম্পানির ঠেক কালী মন্দির, রায়দিঘি কালী মন্দিরে পুজো দেন। পরে রায়দিঘি এবং কোম্পানির ঠেকের ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন। পাশাপাশি বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দার সাউথ গড়িয়া অঞ্চলে হেঁটে প্রচার সারেন। এই কেন্দ্রের বিজেপির প্রার্থী টুম্পা সর্দার নারায়নীতলা অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। কুলতলির তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল বাইশহাটা অঞ্চলে কর্মিসভা করেন। বিজেপি প্রার্থীও বিভিন্ন গ্রামে ঘুরে প্রচার করেন। ডায়মন্ডহারবার বিধানসভার অন্তর্গত কানপুর-ধনবেড়িয়া পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী দীপক হালদার। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ