মুম্বই: গভীর রাতে বিধ্বংসী আগুন লাগল মুম্বইয়ের ইডি অফিসের চতুর্থ তলায়। শর্ট সার্কিটের কারণে রবিবার রাত দু’টো নাগাদ আগুন লাগে বলে খবর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ১২টি ইঞ্জিনের সাহায্যে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলে। ১২ ঘণ্টার চেষ্টার পর দুপুর দু’টো নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। একজন ইডি আধিকারিক জানিয়েছেন, বেশকিছু আসবাব, কম্পিউটার, সংরক্ষিত নথিপত্র পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য প্রাথমিক মূল্যায়ন চলছে। উল্লেখ্য, আর্থিক তছরুপের ঘটনায় অভিযুক্ত নীরব মোদি, মেহুল চোকসিদের বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলার তদন্তের ফাইল রয়েছে মুম্বইয়ের এই ইডি অফিসে। অগ্নিকাণ্ডে এই গুরুত্বপূর্ণ নথিগুলি নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। তবে সেগুলির কোনও ক্ষতি হল কি না, তা জানানো হয়নি।



