


ফিরদৌস হাসান, শ্রীনগর: কিস্তওয়ার বিপর্যয়ের পাঁচ দিন পেরিয়েছে। এরইমধ্যে প্রকৃতির রোষানলে পড়েছে জম্মু-কাশ্মীরের কাঠুয়াও। মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বানে এই জোড়া বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন। এখনও নিখোঁজ বহু। মঙ্গলবার এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘যত দিন যাচ্ছে নিখোঁজদের খুঁজে বার করা আরও কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মৃতদেহগুলি উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিপর্যস্ত এলাকার বাসিন্দারা বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। সরকার তা খতিয়ে দেখবে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে তিনি জানান, ধস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করতে বিশেষজ্ঞদের একটা দল গঠন করা হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলে ভবিষ্যতে এধরনের বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে। এর আগে একইভাবে মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল জম্মু-কাশ্মীরের রামবান। তবে সেক্ষেত্রে মৃত্যুর সংখ্যা এত বেশি ছিল না। তাই কিস্তওয়ারের ঘটনাকেই ভূস্বর্গের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এদিকে, কিস্তওয়ার থেকে উদ্ধার হল আরও এক মৃতদেহ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেহটি এক মহিলার। বিপর্যস্ত এলাকায় স্নিফার কুকুরের সাহায্যে খোঁজ চালাচ্ছিলেন উদ্ধারকারীরা। তখনই দেহটি খুঁজে পাওয়া যায়। তবে এভাবেই আরও অনেক মৃতদেহ বিপর্যস্ত এলাকায় আটকে রয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের। সেগুলি উদ্ধার করতে আরও সময় লাগতে পারে। মঙ্গলবারও চলছে উদ্ধারকাজ। -পিটিআই