নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় অন্তত একটি করে রস্তা প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করতে হবে। ইতিমধ্যেই জেলাগুলিকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছে পঞ্চায়েত দপ্তর। মূলত স্কুল-কলেজ বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র অভিমুখে যে রাস্তা গিয়েছে, সেই সড়ককেই অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সেইমতো প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। তারা আপাতত প্রতিটি মহকুমায় একটি করে প্লাস্টিক বর্জ্য ও পিচের মিশ্রণের রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এই কাজ সফল হলে পরবর্তী পর্যায়ে আরও বেশি করে এমন রাস্তা তৈরি করবে প্রশাসন। এমনিতেই বেশ কয়েকটি জেলা প্লাস্টিক বর্জ্য মিশিয়ে একটি বা দু’টি রাস্তা তৈরি করেছে। দপ্তর চাইছে, প্রতিটি জেলায় পঞ্চায়েত এলাকায় এই পদ্ধতিতে সড়ক নির্মাণ করা হোক। এতে যেমন খরচ কমবে, তেমন টেকসই হবে।
প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করার পর সেগুলি নিষ্কাশন কেন্দ্রে নিয়ে গিয়ে শুকিয়ে বিশেষ যন্ত্রের মাধ্যমে গুঁড়ো করা হয়। বিটুমিনের সঙ্গে প্লাস্টিকের ওই গুঁড়ো ব্যবহার করে রাস্তা তৈরি করার কথা বলা হয়েছে। কীভাবে তা করতে হবে, তা ওই নির্দেশিকায় বিস্তারিতভাবে বলেছে পঞ্চায়েত দপ্তর। তাতে বলা হয়েছে, প্লাস্টিক নিষ্কাশন কেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণ সামগ্রী সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করতে হবে আধিকারিকদের। ঠিকাদার সংস্থাকে বিটুমিনের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে প্লাস্টিকের গুঁড়ো মিশিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের বার্তা, রাস্তা তৈরির উপাদানের সঙ্গে ছয় শতাংশ প্লাস্টিক বর্জ্য মেশাতে হবে।
পঞ্চায়েত দপ্তরের মতে, জেলাগুলি থেকে ভালো পরিমাণ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। সেসব পুনর্ব্যবহারযোগ্য করেই কাজ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত আড়াইশো থেকে তিনশো মিটার দীর্ঘ রাস্তাকেই এই কাজের জন্য বাছাই করতে হবে। কাজ শেষ হয়ে গেলে বোর্ড টাঙিয়ে লিখতে হবে, এই রাস্তা তৈরির ক্ষেত্রে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হয়েছে।