বেঙ্গালুরু: বিরাট কোহলিদের বিজয়োৎসব মুহূর্তে বদলে যায় বিষাদে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টে কেড়ে নিয়েছে ১১টি তরতাজা প্রাণ। তাঁদের প্রত্যেকের বয়স ৩৪ বছরের কম। মৃতেদর মধ্যে সর্বকনিষ্ঠের বয়স মাত্র ১৪ বছর। নাম দিব্যাংশী। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। প্রবল ভিড়ের চাপে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। এছাড়া ১৭-১৯ বছরের দুই তরুণ-তরুণী রয়েছেন মৃতদের তালিকায়। তাঁরা হলেন শিবলিঙ্গম ও চিন্ময়ী শেট্টি। ভৌমিক, শ্রাবণ ও প্রোজ্জ্বলের বয়স কুড়ির কোঠায়। এছাড়াও রয়েছেন পূর্ণচন্দ্র (২৬), অক্ষতা (২৭), মনোজ কুমার (৩৩), সাহানা (২৫) এবং দেবী (২৯)। পেশায় ইঞ্জিনিয়ার পূর্ণচন্দ্র প্রিয় টিম আরসিবিকে স্বাগত জানাতে ছুটে গিয়েছিলেন স্টেডিয়ামে। শেষ পর্যন্ত কফিনবন্দি হয়ে ফিরতে হল তাঁকে। প্রোজ্জ্বলও বেঙ্গালুরুর একটি সংস্থায় চাকরি করতেন। চিন্ময়ী হলেন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথমবর্ষের ছাত্রী। অকালে ঝরে গিয়েছে তাঁরও প্রাণ।



