Bartaman Logo
১০ জুন, ২০২৬

নরেন্দ্র মোদির পুরো শাসনকালই জরুরি অবস্থা, তোপ কংগ্রেসের

জরুরি অবস্থা বনাম জরুরি অবস্থা। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ‘জরুরি অবস্থা’র (ইমারজেন্সি) ৫০ বছর পূর্তি হচ্ছে।

নরেন্দ্র মোদির পুরো শাসনকালই জরুরি অবস্থা, তোপ কংগ্রেসের
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জরুরি অবস্থা বনাম জরুরি অবস্থা। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ‘জরুরি অবস্থা’র (ইমারজেন্সি) ৫০ বছর পূর্তি হচ্ছে। তাই সমালোচনার সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষবিরতির পর মোদি সরকারের ব্যর্থতা তুলে ধরে ইন্দিরার সাহসী পদপেক্ষের কথা ইদানিং খুব প্রচার করেছে কংগ্রেস। আমেরিকার চাপে নত না হয়ে ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে তৈরি করেছিলেন বাংলাদেশ। আর মোদি মেনে নিয়েছেন সংষর্ঘবিরতি, এই প্রচারে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছে রাহুল গান্ধীর দল। 

Advertisement

তাই ইন্দিরার নেতিবাচক দিক তুলে ধরে জরুরি অবস্থার কথা প্রচার করবে বলেই ঠিক করেছে গেরুয়া শিবির। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছে তেমনই নির্দেশ গিয়েছে। আর এই খবর পেয়েই পাল্টা স্ট্র্যাটেজি নিল কংগ্রেস। মোদির পুরো আমলকেই ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে তকমা দিলেন কংগ্রেসের মুখ্য মুখপাত্র জয়রাম রমেশ। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। ওদিকে, ১৯৭৫ সালের ২৫ জুন জারি হয়েছিল জরুরি অবস্থা। চলেছিল ২১ মাস। কিন্তু মোদি জমানায় গত ১৩২ মাস ধরে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলেই জয়রামের আক্রমণ। একইভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের তোপ, মোদির ‘আচ্ছে দিনে’র স্বপ্ন আদতে একটি দুঃস্বপ্ন। না চাকরি আছে, না নারী নিরাপত্তা। না মজবুত অর্থব্যবস্থা, না সফল বিদেশ নীতি। 
মোদির ১১ বছরের শাসনকালের সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। মোদির ১১ বছরের শাসনকালে ‘জুমলার কাহিনি’ তুলে ধরল তৃণমূল। সেইসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে ১১টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। বলা হয়েছে, প্রত্যেক ভারতীয়ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতির কী হল? কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি কী হল? প্রতি বছর দু’কোটি চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি কোথায়? এছাড়াও তৃণমূল কেন্দ্রের মোদি সরকারের দিকে আঙুল দিয়ে দেখিয়েছে, দেশে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি কি বাস্তবায়িত হয়েছে? পেট্রল, ডিজেলের দাম কমানোর প্রতিশ্রুতি কি বাস্তব রূপ নিয়েছে? তৃণমূলের পর্যবেক্ষণ, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, নারী সুরক্ষা, ধর্মীয় মেরুকরণ, অর্থনৈতিক অবনমন, জাতিগত সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে মোদি সরকারের শাসনকালে। এই প্রেক্ষাপটেই মোদি সরকারের দিকে তৃণমূলের প্রশ্ন, না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা— এই মডেলের অধীনে দুর্নীতিমুক্ত ভারতের প্রতিশ্রুতি কি রক্ষা হয়েছে? কোথায় গেল সবকা সাথ, সবকা বিকাশ স্লোগান?

Advertisement
সম্পর্কিত সংবাদ