নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের ১৬টি রাজ্যে বিদ্যুৎ মাশুল পশ্চিমবঙ্গের চেয়ে বেশি। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দপ্তরের বাজেট বিতর্কের জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী অরূপ বিশ্বাস পরিসংখ্যানসহকারে এই তথ্য তুলে ধরেন। বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ মাশুল পশ্চিমবঙ্গের চেয়ে কতটা বেশি, তা জানান মন্ত্রী। এই রাজ্যগুলির মধ্যে কয়েকটি বিজেপি-শাসিত। কর্ণাটকে প্রতি ইউনিট বিদ্যুতের মাশুল সবচেয়ে বেশি (৯ টাকা ৮৩ পয়সা)। দ্বিতীয় স্থানে আছে বিজেপি-শাসিত অসম (৯ টাকা ৫৩ পয়সা)। পশ্চিমবঙ্গে মাশুল সেখানে ৭ টাকা ১২ পয়সা। বিজেপি-শাসিত রাজস্থান, উত্তরাখণ্ড, দিল্লিতেও মাশুল তুলনামূলকভাবে বেশি। অরূপবাবু বলেন, কয়লার দাম বাড়লেও রাজ্যে বিদ্যুতের দাম বাড়েনি। মানুষের স্বার্থে বিদ্যুতে ভর্তুকি দেওয়া হচ্ছে। গরির মানুষকে ‘হাসির আলো’ প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ দিতে বছরে ২০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। তৃণমূল জমানায় বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থার কতটা উন্নতি হয়েছে, সভায় তা বিস্তারিত ভাবেই জানান মন্ত্রী। তাঁর দাবি, বাংলা লোডশেডিং-মুক্ত হওয়ার পর ভোল্টেজেরও উন্নতি হয়েছে। বাম আমলে রাজ্যে ৪২২টি সাব-স্টেশন ছিল। তা এখন বেড়ে ৯৩৬টি হয়েছে। আরও ৫০টি সাব-স্টেশন নির্মাণের কাজ চলছে। এগুলি সম্পূর্ণ হয়ে গেলে রাজ্যের কোথাও লোভোল্টেজের সমস্যা থাকবে না। বিদ্যুৎ সরবরাহ লাইনের বৃদ্ধিরও খতিয়ান দিয়েছেন মন্ত্রী। মন্ত্রী জানান, পাশাপাশি বিশেষ জোর দেওয়া হয়েছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উপর। তাপবিদ্যুতের পাশাপাশি জলবিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য অনেকগুলি প্রকল্প রাজ্যে চলছে। সেগুলি আগামী দিনে বাস্তবায়িত হবে।



