নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে কর্ণাটকের পাঁচটি বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বেঙ্গালুরুর পাওয়ার কোম্পানি অব কর্ণাটক লিমিটেডের অফিসে। কোডারমা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ করছে ডিভিসি। এখানে দ্বিতীয় পর্যায়ে (দু’টি ৮০০ মেগায়ওয়াট প্রকল্প) যে বিদ্যুৎ উৎপাদন হবে, তা থেকেই ওই ৩০০ মেগাওয়াট সরবরাহ করা হবে। প্রসঙ্গত, কর্ণাটকের বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি ইতিমধ্যেই ডিভিসি থেকে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনে থাকে। ডিভিসির মেম্বার (ফিনান্স) অরূপ সরকার বলেন, কর্ণাটকের সঙ্গে আরও বেশি বিদ্যুৎ সরবরাহের চুক্তি করতে পেরে আমরা খুশি। ভারতের বিভিন্ন প্রান্তে বিদ্যুতের জোগান বাড়ানোর লক্ষ্যে এটি আমাদের সদর্থক পদক্ষেপ।



