Bartaman Logo
২৭ মে, ২০২৬

১৫ ডিসেম্বর সাংসদদের মৈত্রীর ক্রিকেট ম্যাচ

১৫ ডিসেম্বর সাংসদদের মৈত্রীর ক্রিকেট ম্যাচ
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ‘সানডে আ রহে হে না? সময় পে আইয়ে। দশ বাজে সে শুরু। আপ নেহি আয়েঙ্গে তো হু উইল কিপ উইকেট?’ তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে সোমবার সংসদ চত্বরে দেখেই এগিয়ে এলেন বিজেপির অনুরাগ সিং ঠাকুর। চলল আলোচনা। সংসদের শীতকালীন অধিবেশনে গত কয়েকদিন সরকার এবং বিরোধীদের মধ্যে চলছে প্রবল বিতণ্ডা। তবে সংসদের অন্দরে প্রবল বিবাদ হলেও বাইরে সৌহার্দ্যের সম্পর্কই চায় বিজেপি। 
Advertisement
আগামী রবিবার ১৫ ডিসেম্বর এক মৈত্রী ম্যাচের উদ্যোগ নিলেন বিজেপির লোকসভার এমপি তথা প্রাক্তন তথ্য-সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। আয়োজন করা হয়েছে ক্রিকেট ম্যাচের। স্পিকার্স ইলেভেন ভার্সাস চেয়ারম্যানস ইলেভেন। অর্থাৎ লোকসভার সদস্য বনাম রাজ্যসভার সদস্য। তারই প্রস্তুতিতে সংসদ চত্বরে সম্ভাব্য প্লেয়ারদের ডেকে ডেকে রবিবার সময় মতো মাঠে চলে আসার অনুরোধ করছেন অনুরাগ। 
খেলা হবে ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। যাকে ন্যাশনাল স্টেডিয়াম বলা হয়। রবিবার ওই ফ্রেন্ডলি ম্যাচের উদ্বোধন করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারকেও মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অনুরাগ জানান, র‌াজ্যসভার আম আদমি পার্টির সদস্য প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকেও খেলতে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি অস্ট্রেলিয়ায় রয়েছেন। তাই আসতে পারবেন না। তবে লোকসভার তৃণমূল সদস্য প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান খেলবেন বলেই জানিয়েছেন। লোকসভার পক্ষে স্পিকার্স ইলেভেনের ক্যাপ্টেন হবেন অনুরাগ সিং ঠাকুর। রাজ্যসভা ইলেভেনের ক্যাপ্টেন মন্ত্রী জয়ন্ত চৌধুরী। খেলোয়াড়দের তালিকায় নাম রয়েছে মন্ত্রী কিরেণ রিজিজু, মনসুখ মাণ্ডব্য, রামমোহন নাইডুরও। এছাড়া রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, অরুণ গোভিল, হিবি ইডেন, রবি কিষান, দীপেন্দর হুডা, মনোজ তিওয়ারি, রাহুল কাঁসওয়া, রাঘব চাড্ডা, ইমরাম প্রতাপগড়ি প্রমুখ। এখনও পর্যন্ত মোট ৩৮ জন সাংসদের নামের তালিকা তৈরি করা হয়েছে। যদিও সেই তালিকায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কেন রাখা হয়নি? জানতে চাওয়ায় সবিনয়ে অনুরাগের জবাব, উনি ব্যস্ত। সময় কোথায়? তবে কংগ্রেসের সাংসদরা তো তালিকায় রয়েছেন। যক্ষ্মা এবং ধূমপান মুক্ত ভারতের প্রচারকে সামনে রেখেই এই মৈত্রী ম্যাচ হবে।
সম্পর্কিত সংবাদ