ফ্যাশন থেকে বাংলা ছবি— নানা বিষয় নিয়ে অকপট শান্তনু মাহেশ্বরী।
ফ্যাশন থেকে বাংলা ছবি— নানা বিষয় নিয়ে অকপট শান্তনু মাহেশ্বরী।
অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে মুম্বইয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন শান্তনু মাহেশ্বরী। তাঁর জন্ম কলকাতায়। তারপর পাড়ি জমিয়েছেন মুম্বইতে। প্রথমে নৃত্যশিল্পী হিসেবে নজর কাড়েন। অভিনেতা হিসেবে ঝুলিতে রয়েছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মতো ছবি। বাংলা ছবিতেও কাজ করেছেন শান্তনু। কলকাতা মানেই শান্তনুর কাছে নিজের বাড়ি। এই শহরের আনাচে-কানাচে অনেক গল্প জড়িয়ে রয়েছে। সংস্কৃতিমনস্ক শহর কলকাতা তাই বারবার মন জিতে নেয় শান্তনুর।
ফ্যাশনিস্তা
ফ্যাশন জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। শান্তনুর মতে, কেতাদুরস্ত থাকা যায় সহজ নিয়মেই। তিনি বিশ্বাস করেন মজার ছলেও ফ্যাশনেবল থাকা যায়। প্রত্যেক মানুষের কাছে ফ্যাশনের সংজ্ঞা আলাদা। ফ্যাশন ব্যক্তিসত্তার পরিচায়ক। ব্যক্তি বিশেষে ফ্যাশনের গল্পগুলোও আলাদা। শান্তনুর মতে, অনেক সময় কোনও ব্যক্তির ফ্যাশন অনেক না বলা কথা বলে দেয়।
বহু ব্যবহার
আজকাল অনেক সেলিব্রিটি একই পোশাক দ্বিতীয়বার ব্যবহার করেন না। সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে একই পোশাক পরে দ্বিতীয়বার ছবিও পোস্ট করেন না অনেকেই। কিন্তু এই ধারণায় একদমই বিশ্বাসী নন শান্তনু। তাঁর মতে, ভালো পোশাক অবশ্যই বারবার পরা উচিত। একই পোশাকে অন্যরকম ভাবে স্টাইল করা যেতে পারে বলে মনে করেন শান্তনু। এক্ষেত্রে ‘সাসটেইনেবল ফ্যাশন’-এ বিশ্বাসী অভিনেতা।
বাংলা ছবি
শান্তনুর কেরিয়ারের প্রথম বাংলা ছবি প্রতীম ডি’গুপ্তর ‘চালচিত্র’। এক তরুণ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। শান্তনুর পছন্দের বাঙালি পরিচালকদের তালিকায় অনেকেই রয়েছেন। তবে সকলের মধ্যে থেকে দু’জনের কথা আলাদা করে উল্লেখ করলেন। তাঁর কথায়, ‘অপর্ণা সেনের ছবিতে অভিনয় করার স্বপ্ন দীর্ঘদিনের। সৃজিত মুখোপাধ্যায়ের কাজও আমার খুব ভালো লাগে।’
পূর্বাশা দাস