Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৬ দিন পরেও হদিশ মেলেনি হালিশহরের মাধ্যমিক পরীক্ষার্থীর

৬ দিন পরেও হদিশ মেলেনি হালিশহরের মাধ্যমিক পরীক্ষার্থীর
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নিখোঁজ হওয়ার ছ’দিন পরও পাওয়া গেল না হালিশহরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থীকে। তবে হালিশহর স্টেশনের সামনে একটি গ্যারাজে তার সাইকেল পাওয়া গিয়েছে। সাইকেল রাখার সময়, গ্যারাজ মালিককে সে জানিয়ে গিয়েছিল, সোমবার রাতে ফিরবে। কিন্তু ছ’দিন হয়ে গেলেও হদিস মেলেনি রামপ্রসাদ বিদ্যাপীঠের ওই ছাত্রের। তাকে খুঁজতে বারাকপুর পুলিস কমিশনারেট দুটি বিশেষ দল তৈরি করেছে। শিয়ালদহ ও হাওড়া স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখেছে।
Advertisement
তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, পড়াশোনায় ভালো হলেও ছাত্রটি অনলাইন গেমের প্রতি আসক্ত ছিল। পরীক্ষা আগে মোবাইলের প্রতি আসক্তি তার বেড়েই চলেছিল। যা নিয়ে মায়ের কাছে মাঝেমধ্যে বকুনিও খেত সে। শনিবার রাতে খাবার সময় সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় মায়ের কাছে বকুনি খায়। সেই কারণেই সে বাড়ি ছেড়েছে কি না, জানার চেষ্টা করছে পুলিস। স্কুলের শিক্ষকরাও পুলিসকে জানিয়েছেন, গত তিন-চার মাস তার পড়ার প্রতি আগ্রহ কমে গিয়েছিল, আসক্তি বেড়ে যায় অনলাইন গেমের প্রতি। পুলিস আরও জানতে পেরেছে, ছাত্রটি বাড়ি থেকে বেরনোর সময় জমানো টাকাও নিয়ে বেরিয়েছিল। 
স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী বলেন, পুলিস যথেষ্ট সক্রিয় হয়ে ওই পড়ুয়ার খোঁজ চালাচ্ছে। পড়ুয়ার মা বলেন, ছেলে মোবাইলে গেম খেলত মাঝেমধ্যে। কিন্তু কেন সে নিখোঁজ হয়ে গেল বুঝতে পারছি না। বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বলেন, সবদিক খতিয়ে দেখছি। দুটি টিম কাজ করছে। ছাত্রের খোঁজে জোরদার তল্লাশি চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ