Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ দিন নিখোঁজ থাকার পর স্থানীয় পুকুর থেকেই উদ্ধার যুবকের দেহ

৫ দিন নিখোঁজ থাকার পর স্থানীয় পুকুর থেকেই উদ্ধার যুবকের দেহ
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাঁচদিন নিখোঁজ থাকার পর এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের দেহ। শুক্রবার দুপুরে ডোমজুড়ের মহিয়ারী রথতলার একটি পুকুর থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শেখ হাসান (৩৫)। তিনি স্থানীয় মুসলিমপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ডোমজুড় থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সকালে আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই যুবক। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর খোঁজ মেলেনি। পরে পরিবারের তরফে ডোমজুড় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। মা ও বাবা মারা যাওয়ার পর তিন দাদা ও বউদিদের কাছেই থাকতেন তিনি। বিশেষভাবে সক্ষম হওয়ায় তেমন কিছু কাজ করতেন না। এদিন দুপুর ২টো নাগাদ মহিয়ারী রথতলার একটি পুকুরে হাসানের পচাগলা দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিসকে। মৃত যুবকের মামা শেখ নাজিরুদ্দিন বলেন, ‘ও খুব ভালো ছেলে ছিল। কোনও শত্রু ছিল না। পুলিস তদন্ত করে দেখুক।’ প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, যুবক মানসিক ও শারীরিকভাবে অসুস্থ থাকায় হয়তো কোনওভাবে পুকুরে পড়ে গিয়ে ডুবে যান। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক।
সম্পর্কিত সংবাদ