নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের এলাকায় সংগঠনকে শক্তিশালী করুন। অন্য এলাকায় যাওয়ার প্রয়োজন নেই। এটাই ছিল বীরভূম জেলার নেতাদের প্রতি রাজ্য কমিটির স্পষ্ট নির্দেশ। অনুব্রত মণ্ডল (কেষ্ট), কাজল শেখের মতো বীরভূম জেলার পোড়খাওয়া নেতাদের রাজ্যের তরফে বলে দেওয়া হয়েছে, যাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই নিষ্ঠাসহকারে সঙ্গে পালন করুন তাঁরা। কিন্তু তৃণমূলের রাজ্য নেতৃত্বের নজরে এসেছে যে, বীরভূম জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীদের ডেকে পাঠিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা তা জানতেনই না। গোটা বিষয়টি রাজ্য কমিটিকে জানানো হয়েছে। তার প্রেক্ষিতেই সবদিকে নজর রাখা হচ্ছে। এর মধ্যে দুবরাজপুরে অনুব্রতর নেতৃত্বে মিছিল ছিল। সেটি বাতিল হয়েছে। কোর কমিটির অনুমোদন ছিল না বলেই খবর। আগামী দিনেও এরকম কোনও বৈঠক অনুব্রত করেন কি না, সেদিকে নজর রাখছেন দলের অন্য নেতারা।



