Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দহনজ্বালা জুড়োতে চাহিদা বাড়ছে এসি, এয়ার কুলারের

রাস্তায় বেরিয়ে অতি পরিচিতজনকেও চেনা মুশকিল। গরমের থেকে বাঁচতে সকলেই যে চোখ মুখ ঢেকে পথে বেরিয়েছেন।

দহনজ্বালা জুড়োতে চাহিদা বাড়ছে এসি, এয়ার কুলারের
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: রাস্তায় বেরিয়ে অতি পরিচিতজনকেও চেনা মুশকিল। গরমের থেকে বাঁচতে সকলেই যে চোখ মুখ ঢেকে পথে বেরিয়েছেন। গনগনে আঁচের মতো সারাদিন মাথার উপর সূর্যের তাপদহে জনজীবন অতিষ্ট। এই তীব্র গরমে স্বস্তি পেতে তাই চাহিদা বাড়ছে এসি ও ফ্রিজের। 

Advertisement

গরমে ভিড় জমেছে ঠান্ডা পানীয়ের দোকানে। বেলা গড়ানোর আগেই পসরা শেষ হয়ে গিয়েছে রামপুরহাটের ডাকবাংলো পাড়ার ডাব বিক্রেতাদের। সুযোগ বুঝে তাঁরাও দাম হাঁকিয়েছে। ছোট ৩০ টাকা ও বড় ৪০ টাকা প্রতি পিস বিক্রি করেছেন তাঁরা। রানিগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যাও ছিল কম। গরমের প্রভাব পড়েছে জেলার একমাত্র শিল্প পাথর শিল্পাঞ্চলগুলিতে। শ্রমিক উপস্থিতির হার কমে আসছে। যারা আসছে তাঁরা দুপুরের পর কাজ করতে চাইছেন না। রামপুরহাট পাথর ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের পক্ষে মুস্তাক আহমেদ বলেন, দুপুরের দিকে পাথর ভাঙার কল বন্ধ রাখতে হচ্ছে। শ্রমিকরা প্রখর রোদে কাজ করতে পারছে না। গরমে পর্যটকদের আনাগোনাও কমেছে তারাপীঠ মন্দিরে। এদিকে দিন দিন গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তাপ। গরমে অতিষ্ট হয়ে পড়ছে মানুষ। তবে এর মধ্যে পৌষ মাস ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের। তীব্র গরমের কারণে এসি এবং ফ্রিজের চাহিদা বেড়েছে। দেদার বিকোতে শুরু করেছে এসি, ফ্রিজ। 
রামপুরহাটের ইলেকট্রনিক্স ব্যবসায়ী রবি গুপ্তা বলেন, এক সময় এসি, ফ্রিজ ছিল বিলাসী পণ্য। তবে এখন সেগুলি আর বিলাসিতার পণ্য নয়, প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। দিন কয়েক ধরে এসি, ফ্রিজ বিক্রি বেড়েছে। প্রতিদিন দশটার বেশি এসি বিক্রি হচ্ছে। 
আরেক ব্যবসায়ী গণেশ দত্ত বলেন, কয়েকদিন যেখানে দিনে দু-তিনটে এসি বিক্রি হত, এখন সেই বিক্রির হার কয়েকগুন বেড়েছে। অনেক কেনার আগে দাম, দর, ফিনান্সের সুবিধা আছে কিনা জেনে যাচ্ছেন। 
এদিন রামপুরহাটের একটি শোরুমে এসি কিনতে এসেছেন রবিউল মোল্লা। তিনি বলেন, সারাদিনের শেষে বাড়িতে একটু আরাম করব, তীব্র গরমের কারণে তা পারি না। বাচ্চারাও ঘুমতে পারছে না। সেজন্যই এসি কিনতে আসা। ব্যবসায়ীরা বলেন, গরম যত বাড়বে, ততই এসি, ফ্রিজের বিক্রি আরও বাড়বে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ