নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্ত্রী দিলীপ মণ্ডলের বিরুদ্ধে কটু মন্তব্য করার অভিযোগে এক মহিলা বিজেপি কর্মীর বিরুদ্ধে মানহানির ফৌজদারি মামলা দায়ের করা হলে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আমগাছিয়ার বাসিন্দা ওই মহিলার নাম সুপ্রভা রায়। মঙ্গলবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অমিত সরকারের এজলাসে ওই মামলা দায়ের করা হয়। দিলীপবাবুর কৌঁসুলি রাজু গঙ্গোপাধ্যায় বলেন, আমার মক্কেলের প্রাথমিক সাক্ষ্যের ভিত্তিতে ওই বিজেপি কর্মীকে আদালতে হাজির হওয়ার জন্য বিচারক সমন জারির নির্দেশ দেন। অভিযোগকারী ছাড়াও এই মামলায় সাক্ষী করা হয়েছে স্থানীয় একাধিক মানুষজনকে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৬ জুলাই।



