Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওপেনিংয়ে নারিনের সঙ্গে হয়তো ডি’কক

গমগম করছে ময়দানের বটতলা। বোঝাই যাচ্ছে আইপিএল এসে গিয়েছে। শনিবার ইডেনে উদ্বোধনী ম্যাচ। তার আগে থাকছে জমকালো অনুষ্ঠান।

ওপেনিংয়ে নারিনের সঙ্গে হয়তো ডি’কক
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গমগম করছে ময়দানের বটতলা। বোঝাই যাচ্ছে আইপিএল এসে গিয়েছে। শনিবার ইডেনে উদ্বোধনী ম্যাচ। তার আগে থাকছে জমকালো অনুষ্ঠান। ফলে টিকিটের চাহিদাও তুঙ্গে। সুযোগ বুঝে কোপ মেরেছে কেকেআর কর্তৃপক্ষ। সাড়ে সাতশোর টিকিট আচমকা বাড়িয়ে ন’শো করা হয়েছে। তাতেও চাহিদার খামতি নেই। রীতিমতো হাউসফুল। ন’শোর টিকিট দেদার বিকোচ্ছে দু’হাজারে। সিএবি কর্তারা কার্যত দরজায় ‘ডু নট ডিস্টার্ব’ বোর্ড টাঙিয়ে দিয়েছেন। এত বছরে এমন ছবি দেখা যায়নি। অনেক বড় বড় ম্যাচেও সিএবি’তে এই হাহাকার চোখে পড়েনি। আপশোসের সুরে বলছিলেন ময়দানের এক ক্লাব কর্তা। কেউ কেউ বলছেন, সেপ্টেম্বরে সিএবি’তে নির্বাচন। তাই এবার টিকিট বণ্টনে অন্য অঙ্কও থাকতে পারে। সব মিলিয়ে ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ শিখরে।

Advertisement

শনিবারের লড়াই বেশ চড়া ধাতের। বিরাট কোহলির উপস্থিতি ম্যাচের গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তার উপর গ্যালারিতে শাহরুখ খানের থাকার কথা, যিনি আবার কেকেআরের ‘নন প্লেয়িং’ ক্যাপ্টেন। আরসিবি-কেকেআর ম্যাচ ঘিরে দুই শিবিরেই বইছে উত্তেজনার চোরাস্রোত। তবে ব্যতিক্রমী ছবিও ধরা পড়ল ইডেনে। স্বদেশীয় মঈন আলিকে দেখে দৌড়ে এলেন ফিল সল্ট। গতবার সল্ট খেলেছিলেন কেকেআরে। আর মঈন চেন্নাই সুপার কিংস থেকে এবার শাহরুখ খানের দলে। প্র্যাকটিসের শেষ দিকে দীনেশ কার্তিককে দেখে জড়িয়ে ধরলেন আন্দ্রে রাসেল। প্রাক্তন অধিনায়ক বলে কথা! চলল খোশগল্প। আসলে আইপিএল এমনই গোলকধাঁধা। ক্রিকেটাররা এত দ্রুত  দল বদলায় যে, সমর্থকদের মনে রাখা কঠিন। তবে ড্রেসিং-রুমে কাটানো কিছু মুহূর্ত কখনও ভোলার নয়। সেটাই হয়তো ভাগ করে নিলেন রাসেল, ডিকে’রা।
আরসিবি’র বিরুদ্ধে গত দুই মরশুমে নাইটদের পারফরম্যান্স বেশ ভালো। তাই রাহানেরা আত্মবিশ্বাসী। প্র্যাকটিস দেখে মনে হল প্রথম একাদশ মোটামুটি সাজিয়ে ফেলেছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কুইন্টন ডি’ককের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে সুনীল নারিনকে। তিনে রাহানে ও চারে বেঙ্কটেশ আয়ারের উপরই ভরসা রাখতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে দুরন্ত ফর্মে আছেন আন্দ্রে রাসেল। প্র্যাকটিস ম্যাচেও তাঁর ঝোড়ো ব্যাটিং কোচকে আশ্বস্ত করেছিল। তবে বাড়তি নজর বরুণ চক্রবর্তীর উপর। তাঁর স্পিনের রহস্য রীতিমতো দুর্বোধ্য। প্রতিপক্ষকে ঘায়েল করার মহড়া সেরে নিলেন তামিল স্পিনার। স্পট বোলিংয়ে শানিয়ে নিলেন নিজেকে। দুরন্ত ফর্মে আছেন এই মিস্ট্রি স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর স্পিনের ছোবলে ধরাশায়ী হয়েছিল প্রতিপক্ষের ব্যাটিং। আইপিএলেও সেই ফর্ম বজায় রাখতে মরিয়া কেকেআরের তারকা স্পিনার। বিরাট-সল্টদের থামাতে নাইটদের বড় ভরসা নারিন-বরুণের স্পিন যুগলবন্দি।
অবশ্য হাই-ভোল্টেজ ম্যাচের আগে চিন্তায় রাখছে আবহাওয়ার পূর্বাভাস। সম্ভাবনা রয়েছে বৃষ্টির। তাতে অবশ্য বিন্দুমাত্র ভাটা পড়ছে না উন্মাদনায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ