Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লালবাজারের নাকের ডগায় ক্রিকেট বেটিং চক্র, গ্রেপ্তার ১

ফের ক্রিকেট বেটিং চক্রের পর্দা ফাঁস কলকাতায়।  গত রবিবার টি-২০ বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন লালবাজারের নাকের ডগায় অফিসপাড়াতে বসে চলছিল এই কারবার।

লালবাজারের নাকের ডগায় ক্রিকেট বেটিং চক্র, গ্রেপ্তার ১
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ক্রিকেট বেটিং চক্রের পর্দা ফাঁস কলকাতায়।  গত রবিবার টি-২০ বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন লালবাজারের নাকের ডগায় অফিসপাড়াতে বসে চলছিল এই কারবার। নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেটিং চক্র চালানোর অভিযোগে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। ধৃতের নাম প্রতীক পিঞ্চা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। 

Advertisement

প্রাথমিক তদন্তের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, ‘স্কাই এক্সচেঞ্জ’, ‘স্কাই ফেয়ার’-এর মতো অ্যাপের মাধ্যমে অনলাইনে এই বেটিং চলছিল। রবিবার ছুটির দিনে কার্যত শুনশান থাকে বি বা দী বাদ অফিসপাড়া। সেই সুযোগে রাইটার্স বিল্ডিংয়ের ঠিক পিছনে ১৬, ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের তিনতলায় একটি রুমে চলছিল বেটিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাওড়ায় থাকলেও ধৃত প্রতীক আদতে রাজস্থানের বিকানিরের বাসিন্দা। তার কাছ থেকে গোয়েন্দারা মোবাইল, নগদ ৪০ হাজার টাকা, হাওড়ার ডবসন লেনের এক তিনতারা হোটেলের ৮০১ নম্বর রুমের চাবি উদ্ধার করেছেন। তদন্তকারীদের অনুমান, অন্য সময় হাওড়ার ওই হোটেলের রুম থেকেই বেটিং কারবার চালাত ধৃত। 
জানা গিয়েছে, ধৃত প্রতীক মাত্র চার বছর আগে বিকানির থেকে হাওড়ায় আসে। বর্তমানে বছর বত্রিশের এই যুবক হাওড়ার শিবপুর থানা এলাকার গ্যাঞ্জেস গার্ডেনের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে গোয়েন্দাদের কাছে দাবি করেছে, হাওড়াতে তার পেপারের ব্যবসা রয়েছে। লালবাজার সূত্রে খবর, ধৃতের মোবাইল ফোন ঘেঁটে গোয়েন্দারা একাধিক বেটিং অ্যাপের সন্ধান পেয়েছেন। অভিযানের ইলেকট্রনিক প্রমাণ হিসেবে বেশ কিছু ‘স্ক্রিনশট’ও উদ্ধার করতে পেরেছে লালবাজার। সেই ‘স্ক্রিনশট’ থেকে ভারতের ক্রিকেট টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মার উপর টাকা লাগানোর প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। অনলাইন এই বেটিংয়ে কে কত টাকা লাগিয়েছে বা কত টাকা তারা তুলে নিয়েছে, সেই খোঁজ চালাচ্ছে পুলিশ।  
উল্লেখ্য, এটাই প্রথম নয়! গত বছর নভেম্বর মাসে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বসেই বেটিং চালানোর অভিযোগে আন্তঃরাজ্য চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল লালবাজার। তারও আগে, ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন কলকাতায় বেটিং চক্র চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 
চলতি বিশ্বকাপে আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। ১ মার্চ কলকাতার ইডেনে আছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। তার আগে ধৃতকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গোয়েন্দারা এই চক্রের বাকি কুশীলবদের নাগাল পেতে চাইছেন। এদিকে, ধৃত প্রতীক পিঞ্চাকে সোমবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। তার বিরুদ্ধে লালবাজার অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার পাশাপাশি ‘ওয়েস্ট বেঙ্গল গ্যাম্বলিং অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্ট’-এ মামলা দায়ের করেছে। আদালত ধৃতকে ২ মার্চ পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায়।

সম্পর্কিত সংবাদ