নিউ ইয়র্ক ও নয়াদিল্লি: ২০২০ সালে দিল্লি হিংসা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর নামে। সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএ-র ধারায় প্রায় পাঁচ বছর ধরে জেলবন্দি ছাত্রনেতা উমর খালিদ। তাঁর বন্দিদশা নিয়ে উদ্বেগপ্রকাশ করে এবার আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কাটরাকে চিঠি লিখলেন আট মার্কিন আইনপ্রণেতা। গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধের কথা স্মরণ করিয়ে তাঁদের আর্জি, আন্তর্জাতিক আইন মোতাবেক সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে খালিদের বিচারের প্রক্রিয়া শেষ করার ব্যবস্থা করা হোক। দীর্ঘ বন্দিদশায় থাকা ছাত্রনেতার প্রতি ইতিমধ্যেই সমবেদনা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র পদে সদ্য শপথ নেওয়া জোহরান মামদানিও। সেই পর্বেই এবার সামনে এল জিম ম্যাকগভার্ন, জেমি রাসকিন, জেনিস শাকোভস্কি সহ আট মার্কিন আইনপ্রণেতার ভারতীয় রাষ্ট্রদূতকে চিঠি লেখার বিষয়টি।



