গুয়াহাটি: আর কয়েকদিন পরেই অসমে বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। রবিবার সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ অভিযোগে তোলেন কংগ্রেস নেতা পবন খেরা। হাত শিবিরের দাবি, হিমন্তের স্ত্রীর কাছে সংযুক্ত আরব আমিরশাহি, মিশর, অ্য়ান্টিগা-বারবুডার পাসপোর্ট রয়েছে। নিজেদের বক্তব্যের স্বপক্ষে কিছু নথিও দেখান খেরা। যদিও হিমন্ত এই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ‘মনগড়া’ ও ‘ডিজিটালি বিকৃত’। একইসঙ্গে মানহানির মামলা সহ আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এরইমধ্যে সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেস নেতা গৌরব গগৈ কিছু প্রশ্ন তোলেন। হিমন্তর স্ত্রীর দুবাইয়ের গোল্ডেন ভিসা রয়েছে কিনা, তা জানতে চান তিনি। তাঁর এই পোস্টের কড়া জবাব দিয়েছেন হিমন্ত-পন্তী রিনিকি ভুঁইয়া শর্মা। কংগ্রেসের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এইসব প্রশ্নের উত্তর দেওয়াটাই হাস্যকর। আমি বা আমার পরিবারের কারও বিদেশে কোনো পাসপোর্ট, ব্যবসা, সম্পত্তি বা ব্যাংক লেনদেন নেই। রিনিকি আরও বলেছেন, রাজনৈতিক স্বার্থে ভুয়ো নথি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পালটা গৌরবের স্ত্রীর সঙ্গে পাকিস্তান যোগের অভিযোগ তুলেছেন রিনিকি।



