নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির মাত্রা বাড়তে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা। এই জেলাগুলিতে বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ও হতে পারে। উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত অন্যদিনে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। উত্তর ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত আছে। বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বধর্মান জেলার কিছু স্থানে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়।