নয়াদিল্লি: বইয়ের পাতা ধরে মুখস্থের দিন শেষ! আগামী শিক্ষাবর্ষ থেকেই নবম শ্রেণিতে ওপেন বুক অ্যাসেসমেন্টস (ওবিএএস) অর্থাৎ বই খুলে পরীক্ষার অনুমোদন দিল সিবিএসই। ২০২৬-২৭ সালের শিক্ষাবর্ষে চালু হচ্ছে এই বিশেষ মূল্যায়ন পদ্ধতি। গত ২৫ জুন বোর্ডের গভর্নিং বডি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় শিক্ষা নীতি-২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন-২০২৩ (এনসিএফএসই) এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, নবম শ্রেণি থেকে ল্যাঙ্গুয়েজ, অঙ্ক, বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্সের মতো বিষয়গুলিতে মূলত ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। তবে স্কুলগুলির উপর জোর করে ওবিএএস চাপিয়ে দেওয়া হবে না। তারা চাইলে এই পদ্ধতি অনুসরণ নাও করতে পারে। এনসিএফএসইর মতে, ওপেন বুক ব্যবস্থার মূল উদ্দেশ্য হল—কেবল মুখস্থ নয় বরং প্রশ্নের সঠিক উত্তর প্রয়োগ করা। যাতে পড়ুয়াদের বিশ্লেষণী দক্ষতা যাচাই করা যায়। তবে ওবিএএস সিবিএসই-র কাছে এই পদ্ধতি নতুন নয়। ২০১৪-১৫ এবং ২০১৬-১৭ সালে নবম ও একাদশ শ্রেণির কিছু বিষয়ে ওপেন টেক্সট বেসড অ্যাসেসমেন্ট চালু করা হয়েছিল। ২০১৭-১৮ সালের শিক্ষাবর্ষে অবশ্য এই পদ্ধতি বন্ধ হয়ে যায়।



