নয়াদিল্লি: বিপাকে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তফসিলি আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে খবর। গত এপ্রিল মাসে কাশ্মীরে পহেলগাঁও হামলার নিন্দা করতে গিয়ে আদিবাসী সম্প্রদায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন বিজয়। তার জেরে সেই সময় বিস্তর জলঘোলা হয়েছিল। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় আদিবাসী সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নেন দক্ষিণী অভিনেতা। যদিও সেই ক্ষমাপ্রার্থনায় চিঁড়ে ভেজেনি। চলতি মাসের ১৭ তারিখ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের জয়েন্ট অ্যাকশন কমিটির প্রেসিডেন্ট অভিযোগ করেছেন বলে রবিবার পুলিসের তরফে জানানো হয়েছে। এপ্রিলে ‘রেট্রো’ সিনেমার একটি অনুষ্ঠানে বিজয় বলেছিলেন, ‘৫০০ বছর আগের আদিম প্রজাতির মতো আচরণ ওদের (জঙ্গিদের)। এই কঠিন পরিস্থিতিতে আমাদের একজোট হয়ে থাকতে হবে।’ এই মন্তব্যের কারণেই বিতর্ক দানা বেঁধেছিল। পরে অবশ্য অভিনেতা দাবি করেছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।



