Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

ধারে বিরিয়ানি না দেওয়ায় মালিকের মাথা ফাটাল ক্রেতা

এক-দু প্লেট নয়। একসঙ্গে ১০ প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন এক ক্রেতা। কর্মচারীরা টাকা চাইতেই তেলেবেগুনে জ্বলে উঠেন তিনি।

ধারে বিরিয়ানি না দেওয়ায় মালিকের মাথা ফাটাল ক্রেতা
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক-দু প্লেট নয়। একসঙ্গে ১০ প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলেন এক ক্রেতা। কর্মচারীরা টাকা চাইতেই তেলেবেগুনে জ্বলে উঠেন তিনি। টাকা কিসের? ধারে নিয়ে যাব। টাকা দেব পরে। ক্রেতার মুখ থেকে এই উত্তর শুনে বিরিয়ানি দিতে চাননি কর্মীরা। বচসা মেটাতে এগিয়ে আসেন বিরিয়ানি দোকানের মালিকও। অভিযোগ, তারপরই উইকেট দিয়ে মারধর করে মালিকের মাথা ফাটিয়ে দেন ওই ক্রেতা। মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউনের সাপুরজি এলাকায় এই ঘটনা ঘটেছে। আক্রান্ত দোকান মালিক  টেকনোসিটি থানায় অভিযোগও দায়ের করেছেন।

Advertisement

শুধু মঙ্গলবারই নয়। এর আগেও ধার-বাকিতে বিরিয়ানি নিতে অনেকবার এসেছিলেন ওই ক্রেতা। কখনও কখনও তিনি আবার মদ্যপ অবস্থায় দোকানে চড়াও হয়ে বিরিয়ানি নিয়ে ঝামেলা করতেন বলে অভিযোগ। মঙ্গলবার তিনি যখন এসে ১০ প্লেট বিরিয়ানি অর্ডার করে, তখনই কর্মীরা তাঁর কাছে টাকা চান। কারণ, তাঁরা জানতেন, বিরিয়ানি দিয়ে দিলে তিনি টাকা দেবেন না। তবে, টাকা চাওয়ার পরেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বলতে শুরু করেন, ‘টাকা নেই। পরে দেব। বিরিয়ানি দিতেই হবে।’ বচসা শুনে দোকানের মালিক রূপম বিশ্বাস তাঁকে থামানোর চেষ্টা করেন। অভিযোগ, তখন উইকেট দিয়ে রূপমবাবুকে তিনি মারধর করেন। মাথায় আঘাত করায় মাথা ফেটে যায়। তারপর ওই ক্রেতা পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় রূপমবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় সেলাই পড়েছে। বুধবার সন্ধ্যায় এক পুলিস আধিকারিক বলেন, একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ