সংবাদদাতা, তারকেশ্বর: ৪০০ বস্তা সরকারি চাল পাচারের সময় লরি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ধনেখালি থানার পুলিস। ধৃতদের নাম সঞ্জয় দুলে ও কার্তিক দুলে। তাদের বাড়ি বাঁকুড়া জেলায়। বুধবার রাতে ধনেখালি থানার ভাণ্ডারহাটি ফিডার রোডে নাকা চেকিং চলার সময় সন্দেহভাজন একটি দশ চাকার লরি আটক করে পুলিস। দেখা যায়, লরিতে ত্রিপল ঢাকা রেশনে সরবরাহের পাটের বস্তায় রয়েছে চাল। প্রতিটি বস্তায় সরকারি গণবণ্টন ব্যবস্থার স্টাম্প দেওয়া আছে। লরিতে থাকা সেই চালের বৈধ কাগজ ছিল না। ৫০ কেজি করে মোট ৪০০ বস্তা চাল আটক হয়। লরিটি বাজেয়াপ্ত করে পুলিস। ধৃতদের সাত দিনের পুলিস হেফাজত হয়েছে। পুলিস জানার চেষ্টা করছে, চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, চাল কোথায় পাঠানো হচ্ছিল।



