Bartaman Logo
১০ জুন, ২০২৬

২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সাধারণ মানুষের হাতে টাকার জোগান বাড়ানোর কোনও দীর্ঘমেয়াদি সমাধানের হদিশ মেলেনি এবারের বাজেটে। সাময়িক টোটকা হিসেবে আয়কর ছাড় বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফলে সবার নজর এখন রিজার্ভ ব্যাঙ্কের দিকে। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মনিটারি পলিসি কমিটির বৈঠক। গোঁত্তা খাওয়া আর্থিক বৃদ্ধিকে কক্ষপথে টেনে তুলতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার সুদ কমানোর পথে হাঁটবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত হ্রাস করা হতে পারে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে কমবে বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণ সহ সমস্ত খুচরো ঋণে সুদের হার।
Advertisement
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একটি বেসরকারি ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ গৌর সেনগুপ্ত বলেন, ‘আমাদের আশা ফেব্রুয়ারিতে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমবে।’ সুদের হার হ্রাস নিয়ে আশাবাদী ক্রেডিট রেটিং এসেন্সি ইকমার মুখ্য অর্থনীতিবিদ অদিতি নাইয়ারও। এদিকে, বাজেটে আয়কর ছাড় বাড়ানোর পরে রেপো রেট কমানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের উপরে নতুন করে পরোক্ষ চাপ দিতে শুরু করেছে মোদি সরকার। রবিবার অর্থসচিব তুহিনকান্ত পান্ডের মতে, সুদ কমানোর এটিই সঠিক সময়। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পণ্যের চাহিদা বাড়াতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এমনকী আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। এখন মানুষ আর্থিক নীতির দিকে তাকিয়ে আছে।’
মুদ্রাস্ফীতি মাথাচাড়া দেওয়ায় গত প্রায় পাঁচ বছর সুদ কমানোর ঝুঁকি নেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। বরং ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে রেপো রেট ধাপে ধাপে ২৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ফলে খুচরো ঋণে সুদের হার আকাশছোঁয়া। চড়া মূল্যবৃদ্ধির বাজারে ইএমআইয়ের কিস্তি দিতে গিয়ে নাজেহাল আম জনতা। যার প্রভাব পড়েছে বাজারে। পণ্যের চাহিদা হ্রাস পাওয়ায় ধুঁকছে উৎপাদন ক্ষেত্র। রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্বভার গ্রহণের পরে এই প্রথম মুদ্রা নীতি ঘোষণা করতে চলেছেন সঞ্জয় মালহোত্রা। ছ’সদস্যের কমিটি কী সিন্ধান্ত নেয়, তা জানা যাবে আগামী ৭ ফেব্রুয়ারি।
Advertisement
সম্পর্কিত সংবাদ