Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেরলে আটকে থাকা যুদ্ধবিমান পরীক্ষায় ভারতে ব্রিটিশ বিশেষজ্ঞরা

গত তিন সপ্তাহ ধরে কেরলের বিমানবন্দরে আটকে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান। বহু চেষ্টার পরেও তা ওড়ানো সম্ভব না হওয়ায় এবার কেরলে এল ২৪ জন ব্রিটিশ বিশেষজ্ঞ।

কেরলে আটকে থাকা যুদ্ধবিমান পরীক্ষায় ভারতে ব্রিটিশ বিশেষজ্ঞরা
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: গত তিন সপ্তাহ ধরে কেরলের বিমানবন্দরে আটকে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমান। বহু চেষ্টার পরেও তা ওড়ানো সম্ভব না হওয়ায় এবার কেরলে এল ২৪ জন ব্রিটিশ বিশেষজ্ঞ। রবিবার তিরুবনন্তপুরমের বিমানবন্দরে এসে নামে রয়্যাল এয়ারফোর্সের এয়ারবাস এ৪০০এম। এই দলে রয়েছেন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ১৪ জন কারিগরি বিশেষজ্ঞ ও ১০ জন ক্রু সদস্য। জানা গিয়েছে, তাঁরা আটকে পড়া যুদ্ধবিমানকে পরীক্ষা করে দেখবেন যে সেটি ভারতেই মেরামত করা সম্ভব নাকি অন্য কোনও বিমানের ভিতরে ঢুকিয়ে ব্রিটেনে নিয়ে যেতে হবে। অন্যদিকে, এদিন আটকে পড়া যুদ্ধবিমানটিকে বিমানবন্দরের চার নম্বর বেস থেকে এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। সেখানেই রয়্যাল এয়ারফোর্সের সদস্যরা বিমানটি পরীক্ষা করবেন।

Advertisement

সূত্রের খবর, এদিন দুপুরেই ব্রিটিশ বিশেষজ্ঞদের নামিয়ে ফিরে গিয়েছে এয়ারবাস এ৪০০এম। যা থেকে একটা বিষয় স্পষ্ট, এই মুহূর্তে দেশে ফেরানো নয়, আপাতত ভারতেই বিমানটি সারানোর চেষ্টা করছে ব্রিটেন। কারণ ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমানটি দেশে ফেরানোর জন্য সি-১৭ গ্লোবমাস্টারের প্রয়োজন। কিন্তু এখনই সেই ধরনের কোনও পরিকল্পনার কথা শোনা যায়নি। যাবতীয় সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার। উল্লেখ্য, গত ১৪ জুন থেকে তিরুবনন্তপুরম বিমানবন্দরে দাঁড়িয়ে এই যুদ্ধবিমানটি। মার্কিন লকহিড মার্টিন নির্মিত এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারটির দাম ১১০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৯২০ কোটিরও বেশি।

সম্পর্কিত সংবাদ