


সোনেপত: হরিয়ানার সোনেপতের খাল থেকে উদ্ধার নিখোঁজ মডেল তরুণীর গলাকাটা দেহ। গত ১৪ জুন নিখোঁজ ডায়েরি করেন তাঁর বোন। সোমবার মিলল তরুণীর গলাকাটা দেহ। জানা গিয়েছে, মৃতার নাম শীতল। পানিপথে বোন নেহার সঙ্গে থাকতেন। ১৪ জুন কাজের সুবাদে স্থানীয় এক গ্রামে গিয়েছিলেন। সেখান থেকেই বোনকে ফোনে জানান, তাঁর প্রাক্তন প্রেমিক সুনীল হেনস্তা করছে। শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগও করেন। এরপর থেকেই শীতলের সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি নেহা। রাতে বাড়ি না ফেরায় থানায় মিসিং ডায়েরি করেন। ঘটনার তদন্তে নেমে ১৬ তারিখ শীতলের গলাকাটা দেহ উদ্ধার করল পুলিস। উল্লেখ্য, কাজের সূত্রেই সুনীলের সঙ্গে আলাপ হয় শীতলের। দু’জনে সম্পর্কে জড়ান। কয়েক মাসের মধ্যেই শীতলকে বিয়ের প্রস্তাব দেয় সুনীল। কিন্তু খোঁজ করে শীতল জানতে পারেন, সুনীল বিবাহিত। দুই সন্তান রয়েছে। তাই বিয়ের প্রস্তাব নাকচ করে সম্পর্ক ভাঙেন। কিন্তু সুনীল এরপরেও শীতলের পিছু ছাড়েনি বলেই অভিযোগ। দিদির মৃত্যুর নেপথ্যে সুনীলেরই হাত রয়েছে বলেই মনে করছেন বোন নেহা। ঘটনার তদন্তে পুলিস। ফাইল চিত্র