


নিজস্ব প্রতিনিধি, বারাসত: একটি ভেড়ি থেকে শনিবার সকালে এক যুবতীর অর্ধনগ্ন, রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে মিনাখাঁর ধুতুরদহ পঞ্চায়েতের দেবীতলার কাহারপাড়া এলাকায়। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁকে খুন করে দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিসের। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর কাহারপাড়া শ্মশান সংলগ্ন নির্জন জায়গায় ভেড়ির জলে শনিবার সকালে এক যুবতীর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেন। মিনাখাঁ থানার পুলিস যুবতীর দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকাবাসীরা বলেন, নির্জন ওই মেছোভেড়িতে সন্ধ্যার পরে কেউ আসেন না। সকালে চাষের কাজে যাওয়ার সময় এলাকার বাসিন্দারা যুবতীর দেহটি জলে ভাসতে দেখেন।
পুলিস জানিয়েছে, যুবতীর মাথায় ও পায়ে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবে তাঁকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় পুলিস জানাতে পারেনি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।