নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পানীয় জলের অভাবে এবার আন্দোলনে নামলেন গ্রামের মহিলারা। সোমবার সকালে বাসন্তীর কালীডাঙা মোড়ে অবরোধ করেন তাঁরা। এর ফলে বাসন্তী থেকে গদখালি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। মহিলারা হাঁড়ি, কলসি ইত্যাদি নিয়ে রাস্তায় বসে পড়েন। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। গ্রামবাসীদের দাবি, গরম পড়তেই গ্রামে গ্রামে পানীয় জলের আকাল দেখা দিয়েছে। টিউবওয়েলগুলি অকেজো হয়ে পড়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তাই এদিন বাধ্য হয়ে রাস্তা অবরোধ করতে হয়েছে।



