


নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর সংক্রান্ত কাজ করার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বিএলও। ঘটনাটি হাবড়া ১ নম্বর ব্লকের মছলন্দপুরের। বিএলও সুমনকুমার দাস মছলন্দপুর ১ পঞ্চায়েতের ২০৩ নম্বর বুথের দায়িত্বে আছেন। পেশায় শিক্ষক সুমনবাবু হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরিবারের দাবি, কাজের চাপেই অসুস্থ হয়েছেন তিনি।
জোরকদমে চলছে এসআইআর-এর ফর্ম পূরণ। পাশাপাশি বিএলওদেরই তথ্য আপলোড করতে হচ্ছে ওয়েবসাইটে। এই তথ্য আপলোড করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় বিএলও সুমনবাবুকে। কিছুটা হলেও দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। কয়েকদিন ধরেই পরিবারের সদস্যদের তিনি বলছিলেন ‘কীভাবে কাজ উদ্ধার হবে বুঝতে পারছি না!’ এমন অবস্থায় রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ফর্ম বিলি করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুমন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, স্ট্রোক হয়েছে তাঁর। সুমনের ভাই অয়ন দাস বলেন, দাদা এসআইয়ের কাজ করতে করতে মানসিক অবসাদে ভুগছিল। বারবার বলছিল, কীভাবে কাজ শেষ হবে বুঝতে পারছি না। কাজের আতঙ্ক থেকেই দাদা অসুস্থ হল। কিছুটা সময় হাতে পেলে এতটা মানসিক চাপ পড়ত না। এদিকে ঘটনার কথা জানার পরই হাবড়া হাসপাতালে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি। জ্যোতিপ্রিয় বলেন, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে আমরা দ্রুত ব্যবস্থা করব। নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের ফলে সারা রাজ্যজুড়েই মৃত্যুমিছিল অব্যাহত। পাশাপাশি কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলও-রা। এর উত্তর মানুষ ভোটের মাধ্যমে বিজেপিকে দেবে।
অন্যদিকে, এসআইআর আবহে চাঞ্চল্যকর ঘটনার ঘটল সন্দেশখালিতে। তালিকায় মৃত ভোটারদের নাম ‘বাদ’ দেওয়া নিয়ে খুনের হুমকি ও বাড়িঘর ভাঙার ভয় দেখান হল এক বিএলওকে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত বিএলও দীপক মাহাত। একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে হুমকি দিতে শোনা যাচ্ছে জামিরুলকে (যদিও এর সত্যতা যাচাই করেনি বর্তমান)। জানা গিয়েছে, সন্দেশখালি ১ ব্লকের বয়ারমারি ১ নম্বর অঞ্চলের ৩ নম্বর বুথে বিএলওর দায়িত্বে আছেন দীপকবাবু। অভিযোগ, তিনি যখন মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার নিয়মিত কাজ শুরু করেন তখনই ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূল নেতা ও অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম মোল্লা। দীপকের অভিযোগ, জামিরুল খুনের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়িঘর ভেঙে দেওয়ার ভয় দেখায়। হুমকির পর আতঙ্কে দীপক নির্বাচন কমিশনকে বিষয়টি জানান। কমিশনের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ জমা করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লাকে। সূত্রের খবর, জামিরুল জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।