নয়াদিল্লি: মোদি জমানায় আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। বাজারে গেলে রীতিমতো পকেটে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে ওষুধের দাম। কিন্তু উপার্জন ঠেকছে তলানিতে। লাখ লাখ মানুষ বেকারত্বের শিকার। সাধারণ মানুষের যখন এমনই শিরে সংক্রান্তি অবস্থা, তখন বিজেপি সাংসদের উদ্বেগ শিঙাড়ার দাম নিয়ে। দেশজুড়ে শিঙাড়ার দর ও সাইজ নির্ধারণ করে দিক কেন্দ্র সরকার। সংসদে এমনই সওয়াল করলেন বিজেপি অভিনেতা সাংসদ রবি কিষান। তাঁর অভিযোগ, দেশজুড়ে এলাকা ও দোকান বিশেষে এই খাবারের দাম ও সাইজ আলাদা। কেন্দ্র এমন একটি নিয়ম তৈরি করুক যেখানে বিষয়টি নিয়ন্ত্রণ করা যায়। আর এমন একটি বিষয় সংসদে উত্থাপনের জন্য বিজেপি সাংসদ সমালোচনার মুখে পড়েছেন।



