নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মন্দিরের দখলে থাকা জমি স্ত্রীর নামে কিনে বিতর্কে বিজেপি নেতা। হীরাপুর থানার বৈষ্ণববাঁধ এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই এলাকার মা মঙ্গলাময়ী কালী মন্দিরে ভক্তদের ঢল নামে। মন্দিরে প্রসাদ বিলি সহ নানা অনুষ্ঠান হয়। বাসিন্দাদের দাবি, মন্দির কমিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন বিজেপি নেতা হেমচন্দ্র দত্ত। ভক্তদের সুবিধার জন্য তিনি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের উদ্যোগে মন্দিরের শেড তৈরির উদ্যোগও নেন। সম্প্রতি হঠাৎই স্থানীয় বাসিন্দারা জানতে পারেন, মন্দির লাগোয়া ফাঁকা জমিটি নিজের স্ত্রীর নামে কিনে নিয়েছেন হেমচন্দ্রবাবু। এরপরই এলাকাবাসী মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাসিন্দাদের একাংশ। শনিবার তারা হীরাপুর থানায় গিয়েও বিক্ষোভ দেখায়।



