Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিহার বিধানসভা ভোটের ইভিএমেই দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন? জল্পনা

বিহার বিধানসভা নির্বাচন যে ইভিএমে হয়েছে, তাতেই কি দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা আসনে ভোট হবে? এই প্রশ্নে জেলাজুড়ে জল্পনা তৈরি হয়েছে।

বিহার বিধানসভা ভোটের ইভিএমেই দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন? জল্পনা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিহার বিধানসভা নির্বাচন যে ইভিএমে হয়েছে, তাতেই কি দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা আসনে ভোট হবে? এই প্রশ্নে জেলাজুড়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ, গত সপ্তাহে বিহার থেকে প্রচুর ইভিএম এসেছে এই জেলায়। সেসব এবার পরীক্ষা করে দেখা হবে। যেগুলি ঠিক থাকবে, সেগুলি ব্যবহার করা হবে ভোটের দিন। এসআইআরের কাজ শেষ হলেই বিহার থেকে আসা ভোটযন্ত্র পরীক্ষা করে দেখবেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, এই জেলায় প্রায় সাড়ে ন’হাজার বুথে ভোটগ্রহণ হতে পারে। বিহার থেকে যে সংখ্যক ইভিএম এসেছে, তা পর্যাপ্ত কি না, সেই হিসেব এখনও হয়নি। সব বুথে ইভিএম দেওয়া না গেলে অন্য রাজ্য থেকে ইভিএম আনা হতে পারে। এখনও যেহেতু বুথের সংখ্যা চূড়ান্ত হয়নি, তাই এনিয়ে কোনো সিদ্ধান্তও হয়নি। তবে জেলার কাছে থাকা ২০২৪ সালের লোকসভা ভোটে ব্যবহৃত ইভিএম প্রস্তুত করে রাখা হচ্ছে। এগুলির পরীক্ষা জানুয়ারি মাসে শেষ হয়েছে। 

Advertisement

এখন প্রশ্ন হল, বিহার থেকে শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই ইভিএম এসেছে, এমন নয়। আরও কয়েকটি জেলায়ও পড়শি রাজ্য থেকে কিছু ইভিএম এসেছে বলে খবর। যেমন, পূর্ব বর্ধমানে প্রায় ৮০০ ভোট যন্ত্র পাঠানো হয়েছে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় থাকা যেসব ইভিএম, ভিভি প্যাট পরীক্ষা হয়েছে, তার মধ্যে প্রচুর খারাপ বেরিয়েছে বলে খবর। ১৩,৬৯৫টি ইভিএম (ব্যালট ইউনিট) পরীক্ষা করে ১৮৭টি খারাপ বেরিয়েছে। ১৫,৭৪৬টির মধ্যে বিকল ৭৮০টি। অকেজো মেশিনগুলি হায়দরাবাদে ফেরত পাঠিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ