Bartaman Logo
৯ জুন, ২০২৬

ছাত্রীমৃত্যুর প্রতিবাদে উত্তাল ভুবনেশ্বর

কলেজ ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল ওড়িশা। আজ বৃহস্পতিবার রাজ্য জুড়ে বন্‌ধ ডেকেছে কংগ্রেস। তার আগে বুধবার ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেডি।

ছাত্রীমৃত্যুর প্রতিবাদে উত্তাল ভুবনেশ্বর
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: কলেজ ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল ওড়িশা। আজ বৃহস্পতিবার রাজ্য জুড়ে বন্‌ধ ডেকেছে কংগ্রেস। তার আগে বুধবার ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেডি। ওড়িশার সচিবালয়, বিধানসভা ভবনের উদ্দেশে নবীন পট্টনায়েকের দলের মিছিল আটকায় পুলিস। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করে। পাল্টা জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিস। তাতে আহত হয়েছেন বিজেডির কয়েকজন নেতা -কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। বিজেডির বেশ কিছু সমর্থককে গ্রেপ্তার করে পুলিস।

Advertisement

বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গত শনিবার গায়ে আগুন দেন বালেশ্বরের ফকির মোহন কলেজের ওই কলেজ ছাত্রী। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি দোষীদের চরম শাস্তির আশ্বাস দিয়েছেন। কিন্তু রাজ্যের বিজেপি সরকারের গাফিলতি ও  ব্যর্থতার অভিযোগে সরব বিরোধী দলগুলি।  কংগ্রেস নেত্রী অলকা লাম্বার দাবি, অবিলম্বে ওড়িশার মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। বুধবার, মণিপুরের সঙ্গে ওড়িশার তুলনা টেনে রাষ্ট্রপতি শাসন জারির দাবিও তুলেছেন অলকা। এদিকে, মেয়ের মৃত্যুতে শোকে পাথর নির্যাতিতা ছাত্রীর বাবা। এই ঘটনাকে আত্মহত্যা হিসেবে কিছুতেই মানতে পারছে না তিনি। তাঁর দাবি, এটা আত্মহত্যা নয়, খুন।  একইসুর নির্যাতিতার গ্রামের বাসিন্দাদের গলাতেও। প্রত্যেকেই চান, দোষীদের চরম শাস্তি হোক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ